সুস্থ হয়ে শুটিংয়ে আশীষ, ঢাকায় পৌঁছেছেন রজতভ
উপমহাদেশের প্রখ্যাত অভিনেতা আশীষ বিদ্যার্থী এখন সুস্থ আছেন। ঢাকার বিএফডিসিতে আজ সকাল থেকেই শুটিং করছেন তিনি। পায়ের লিগামেন্টে ব্যথাজনিত কারণে গত শনিবার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন। ওয়াজেদ আলী সুমন পরিচালিত যৌথ প্রযোজনার ‘অঙ্গার’ ছবির শুটিংয়ের জন্য তিনি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন তিনি।
পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ‘আশীষদা বাংলাদেশে শুটিং করতে আসার আগে চেন্নাইয়ে একটি ছবির শুটিংয়ে বাঁ পায়ের হাঁটুতে ব্যথা পেয়েছিলেন। তিনি যেভাবে শুটিংয়ে আমাদের সাহায্য করছিলেন, তা অনুপ্রেরণা পাওয়ার মতো। গত শুক্রবার শুটিংয়ের সময় ডান পায়ে ব্যথা পান। এর পর দুই পায়ের লিগামেন্টেই ব্যথা শুরু হয়, জ্বর উঠে যায় ১০৪ ডিগ্রি। ফলে তাঁকে খুব দ্রুত হাসপাতালে ভর্তি করতে হয়। তবে তিনি এখন সুস্থ আছেন এবং শুটিং করছেন। সবাই দোয়া করবেন, আমরা যেন কাজটি সময়মতো শেষ করতে পারি।’
অভিনেতা যেহেতু অসুস্থ ছিলেন, এর কোনো প্রভাব পড়েছিল কি না জানতে চাইলে পরিচালক ওয়াজেদ আলী সুমন বলেন, ‘তিনি অসুস্থ হয়ে পড়ায় হয়তো আমাদের একটু সাময়িক অসুবিধা হয়েছিল। কিন্তু তিনি দারুণ প্রফেশনাল, এত অসুস্থতার মাঝেও কাজটা শেষ করে দিয়ে যাচ্ছেন। উনি যে অনেক বড় মাপের শিল্পী, এটা তারই প্রমাণ। এ ধরনের প্রফেশনালিজম আমাদের দেশের চলচ্চিত্রে এখন কমে গেছে। যে কারণে আমরা সঠিক সময়ে কাজটি শেষ করতে পারি না।’
এদিকে, ‘অঙ্গার’ ছবিতে অভিনয়ের জন্য ঢাকায় আজ সকালে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের অভিনেতা রজতভ দত্ত। আগামীকাল বুধবার থেকে শুটিংয়ে অংশ নেবেন তিনি। রাজধানী ও এর আশপাশের এলাকায় শুটিংয়ে অংশ নেবেন রজতভ। আর বাংলাদেশে অবস্থান করবেন আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত।

মাজহার বাবু