মাহির একক নৃত্যানুষ্ঠান ‘ড্যান্সিং মাহি’
রুপালি পর্দার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। গেল ঈদে মাহি অভিনীত ‘অগ্নি ২’ ছবিটি ব্যাপক ব্যবসাসফল হয়। এবার ঈদে মাহি অভিনীত কোনো ছবি মুক্তি পাবে না। তবে মাহি ভক্তদের জন্য সুখবর হলো ঈদে মাহিকে বড় পর্দায় না দেখতে পেলেও, ছোট পর্দায় তাঁকে দেখতে পাবেন।
প্রথমবারের মতো ঈদের একক নাচের অনুষ্ঠানে নাচ করেছেন মাহি। নাচের অনুষ্ঠানের নাম রাখা হয়েছ ‘ড্যান্সিং মাহি’। অনুষ্ঠানটি আসছে ঈদে আরটিভিতে প্রচারিত হবে। ইভান শাহরিয়ার সোহাগের কোরিওগ্রাফিতে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সোহেল রানা বিদ্যুৎ।
‘ড্যান্সিং মাহি’ নাচের অনুষ্ঠানটি পাঁচটি গান দিয়ে সাজানো হয়েছে। গানগুলোর মধ্যে মাহি অভিনীত ছবির আইটেম গান ‘ম্যাজিক মামনি...’, ‘মায়াবী এ রাতে...’, ‘লজ্জাবতী ছুঁলে যেমন লজ্জা পায়...’- এই গানগুলোর নাচ থাকবে।
এদিকে অনেক ব্যস্ততার মধ্যেও একক নাচের অনুষ্ঠানটি করেছেন বলে জানান মাহি। তিনি আরো বলেন, ‘ড্যান্সিং মাহি অনুষ্ঠানটি মূলত আমাকে ঘিরেই। অনুষ্ঠানের পরিকল্পনা আমার অনেক ভালো লেগেছে। কারণ আমার অভিনীত সিনেমার গানগুলোই নাচে ব্যবহার করা হয়েছে। এজন্য নাচের স্টেপগুলো কিছুটা সহজ ছিল। তবুও এ অনুষ্ঠানের জন্য আমাকে প্রায় এক সপ্তাহ রিহার্সেল করতে হয়েছে। আশা করি অনুষ্ঠানটি দর্শকের ভালো লাগবে।’

নাইস নূর