আজ থেকে শুরু নায়ক বাপ্পীর মিসকল
আজ বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবে সকাল ১০টার দিকে মহরতের মাধ্যমে শুরু হলো পরিচালক সাফি উদ্দিন সাফি পরিচালিত সিনেমা ‘মিসকল’ ছবির শুটিং। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী, তার সাথে জুটি হয়ে আসছেন নবাগত মুগ্ধতা। এ সময় সিনেমার শিল্পীসহ কলাকুশলীরা উপস্থিত ছিলেন। এরপর বিএফডিসির আশপাশের এলাকায় এ ছবির বিভিন্ন দৃশ্য ধারণ করা শুরু হয়।
ছবির নাম ‘মিসকল’ কেন? এই প্রশ্নের উত্তরে ছবির পরিচালক সাফিউদ্দিন সাফি বলেন, ‘নায়ক বাপ্পি শুধু মিসকল দেয় তো এজন্য এই নামকরণটি করা হয়েছে। আজ থেকেই ঢাকার বিভিন্ন রাস্তাঘাটে শুটিং করা হবে। এরপর থেকে একটানা দেশের বিভিন্ন লোকেশনে আমরা যাব। সব কিছু ঠিক থাকলে গানগুলোর শুটিং ভিয়েতনামে করা হবে।’
নায়ক বাপ্পি বলেন, ‘এ ছবিতে কাজ করার জন্য আমার গ্রুমিং করতে হয়েছে বেশ কিছুদিন। আমাকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারের চরিত্রে দেখা যাবে। পরিচালক সাফিউদ্দিন সাফি বরাবরই সময় উপযোগী ছবি বানান। এই ছবিও একদম সময় উপযোগী ছবি। গল্পটা শুনেই মনে হয়েছে এই চরিত্রটা আমারই। আমার দর্শকদের বলছি, আপনারা আমার কাছে যে ধরনের ছবি আশা করেন এই ছবি সেই প্রত্যাশা পূরণ করবে।’

ছবিটিতে বাপ্পী ও মুগ্ধতা ছাড়াও অভিনয় করবেন মিশা সওদাগর, কাজী হায়াৎ, রেবেকা, সাদেক বাচ্চুসহ অনেকে।
মহরতের আগে গত ২৭ জুন, শনিবার শওকত আলী ইমনের মগবাজারের ভেলসিটি স্টুডিওতে এ ছবির একটি গানের রেকর্ডিং হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান। গান রেকর্ডের সময় উপস্থিত ছিলেন পরিচালক সাফি উদ্দিন সাফি, মুশফিকুর রহমান গুলজার, কবির বকুল, হৃদয় খান, এজাজুল হক ইকবাল, বাপ্পি, মুগ্ধতা ও শওকত আলী ইমন।

মাজহার বাবু