শুটিং সন্দেশ
অরুতে ডুবে আছেন মাহি
বাবা-মাকে না জানিয়ে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন মাহিয়া মাহি। অবাক হওয়ার কিছুই নেই। বাস্তবে এ রকম করছেন না তিনি। মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে মাহি এ রকম কাণ্ড ঘটাবেন। পালিয়ে বিয়ে করবেন প্রেমিক রিয়াজকে।
গতকাল রোববার, উত্তরার একটি শুটিং স্পটে ‘কৃষ্ণপক্ষ’ ছবির শুটিং করছিলেন মেহের আফরোজ শাওন। দুপুরের দিকে বাসা থেকে মাহির রিকশায় পালানোর দৃশ্য ধারণ করছিলেন তিনি। মাহির জন্য কাজী অফিসে অপেক্ষা করছিলেন রিয়াজ।
কিন্তু মাহি রিকশা থেকে নামার পর দেখলেন তাঁর কাছে ১০০ টাকার একটি নোট। রিকশাওয়ালাকে টাকাটা ধরিয়ে দিতে তিনি বললেন, ‘আপা, আমার কাছে তো ভাংতি নাই।’
একে তো বাসা থেকে পালিয়েছেন সেই চিন্তা তো আছেই, আবার ভাংতিও নেই। মাহিকে একটু চিন্তিত লাগছিল। আর এভাবেই দৃশ্যটি ধারণ করলেন নির্মাতা মেহের আফরোজ শাওন। কিন্তু একবারে শটটি ওকে হয়নি। পাঁচ থেকে ছয়বার শটটি নেওয়ার পর স্বস্তি পেয়েছেন তিনি।
আর তাই শট শেষ হতেই মাহিকে আদর করে শাওন বললেন, ‘অনেক ভালো করেছ, এবার তুমি একটু বিশ্রাম করো।’ মাহিও পরিচালকের কথায় সম্মতি জানালেন। বিশ্রাম শেষে এনটিভি অনলাইনের সঙ্গে কথা বললেন তিনি। ছবিতে মাহির চরিত্রের নাম অরু।

ছবিতে অরুকে ছয়টি সুতি শাড়ি পরতে দেখা যাবে। নিজেকে অরু ভাবতে কেমন লাগছে প্রশ্ন করতেই মাহি বললেন, ‘খুব ভালো। শাওন আপু এক কথায় অনেক সুইট। আমাকে তিনি অনেক গুছিয়ে শট বুঝিয়ে দিচ্ছেন, আমিও সেটা করছি। বলতে পারেন, আমি এখন অরুতে ডুবে আছি। নিজেকে অরু ভাবতে শুরু করেছি। আমি অনেক লাকি যে শাওন আপু আমাকে নিয়ে অরু চরিত্রটির কথা ভেবেছেন। আমার মনে হয় হুমায়ূন আহমেদ স্যার বেঁচে থাকলে আমাকে এই চরিত্রের জন্য নির্বাচন করতেন না। কারণ আমি মনে করি আমার চেহারায় অরুর মতো মায়া নেই। তবু আমি চেষ্টা করছি অরু চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে। কারণ একটাই, হুমায়ূন আহমেদ স্যারকে আমি অনেক সম্মান করি।’
এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও কোনো খাবার মুখে দেননি মাহি। এর কারণ জিজ্ঞাসা করতেই তিনি বলেন, ‘আমি রোজা আছি।’
এদিকে সূর্য যখন ডুবি ডুবি, তখন পরিচালক মেহের আফরোজ শাওন তাঁর সহকারীকে বললেন, ‘দ্রুত মাহিকে অন্য আরেকটা শাড়ি পরে রেডি হতে বলো। সূর্য ডোবার আগেই আরেকটা শট নিতে হবে।’
আমরাও অরুকে মানে মাহিকে বিদায় জানিয়ে অফিসের উদ্দেশ্য রওনা দিলাম। রওনা দেওয়ার আগে দেখলাম পরিচালক মেহের আফরোজ শাওন বসে বসে চিত্রনাট্য পড়ছেন। চলে যাব বলতেই হাসিমুখে তিনি বললেন, ‘এখন তো একটু চাপের মধ্যে আছি। দম ফেলার সময় পাচ্ছি না। কথা বলব, কখন বলেন? শুটিং তো নিয়মিত করছি। আবারও আসবেন।’

নাইস নূর