‘মেন্টাল’ নিয়ে ব্যাংককে শাকিব-তিশা
মুক্তির আগেই নানা কারণে বেশ আলোচিত ছবি ‘মেন্টাল’। কিন্তু ছবির শুটিং এখনো শেষ হয়নি। এর মূল কারণ বিগ বাজেট। প্রায় তিন কোটি টাকায় নির্মিতব্য এ ছবির অর্থ জোগান দিতে ব্যর্থ হয়েছেন বাংলা এক্সপ্রেসের কর্ণধার পারভেজ চৌধুরী। তাই ছবিটি এখন শেষ করার দায়িত্ব নিয়েছে ভার্সেটাইল মিডিয়া। সে কারণেই ‘মেন্টাল’ বাকি অংশের শুটিং শুরু হয়েছে আজ থেকে। গতকাল শুটিং ইউনিট ব্যাংককে পৌঁছায়।
ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান বলেন, ‘ছবিটির গল্প আমার পছন্দ হয়েছে। পাশাপাশি এতে অভিনয় করছেন শাকিব খান, তিশা, আঁচল, পড়শিদের মতো তারকারা। ছবির প্ল্যানিংও ভালো। দর্শকেরও আগ্রহ রয়েছে। সব মিলিয়ে আমি তাই ছবিটি শেষ করার দায়িত্ব নিয়েছি। একটি ভালো ছবির সর্বনাশ দেখতে ভালো লাগছিল না।’
বড়পর্দা ও ছোটপর্দার জনপ্রিয় তারকাদের নিয়ে নির্মিতব্য চলচ্চিত্রটির সিংহভাগ শুটিং সম্পন্ন হয়েছে। গানের দৃশ্যধারণ হবে শুধু। আজ থেকে টানা ১০ দিন চলবে শেষ লটের শুটিং।
ছবির গল্পে দেখা যাবে, দেশের মূল্যবান খনিজ সম্পদ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে এক গডফাদার। এই ঘটনা নিয়ে একটি প্রতিবেদন তৈরি করে টিভি চ্যানেলের প্রতিবেদক সিমি। তা জেনে যায় সন্ত্রাসী চক্র। প্রতিবেদন জমা দেওয়ার আগেই সিমির ওপর নেমে আসে নির্মম অত্যাচার। সিমি ও তার পরিবারের সব সদস্যকে হত্যা করে সন্ত্রাসীরা। সিমিকে হারিয়ে তার ভালোবাসার মানুষটি হয়ে পড়ে উন্মাদ। সে খুঁজতে থাকে সেই গডফাদারকে।
ছবিটির টিজার এবং অডিও গান এরই মধ্যে প্রকাশ পেয়েছে। দর্শক প্রতিক্রিয়া ভালো পাওয়া গেছে তাতে। মেন্টালের আইটেম গানে নেচেছেন মৌসুমী হামিদ। এফডিসিতে চিত্রায়িত হয়েছে গানটি। এবার বাকি গানগুলোর নিখুঁত চিত্রায়ণের জন্যই তাঁরা দেশের বাইরে যাচ্ছেন। সেখান থেকে ফেরার পর কণ্ঠশিল্পী পড়শির অংশের দৃশ্য ধারণ করা হবে। এর মধ্য দিয়েই শেষ হবে সিনেমাটির শুটিং। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, কাবিলা প্রমুখ।

মাজহার বাবু