‘তারেক মাসুদ বাংলা সিনেমার সুলতান’
বাংলাদেশের অন্যতম চিত্রশিল্পীর নাম এস এম সুলতান। তাঁর মতোই বোহেমিয়ান ছিলেন চিত্রনির্মাতা তারেক মাসুদ। দুজনই আজ প্রয়াত। সুলতানকে নিয়ে তারেক মাসুদ নির্মাণ করেছিলেন ‘আদম সুরত’, আর তারেক মাসুদকে নিয়ে ‘সুলতান’ নির্মাণ করেছেন দিলশাদুল হক শিমুল।
তারেক মাসুদের দর্শন ও চলচ্চিত্রযাত্রার ওপর নির্মিত হয়েছে এই প্রামাণ্যচিত্র ‘সুলতান’। এর প্রথম প্রদর্শনী হবে ৯ অক্টোবর ফরিদপুরের জিলা শিল্পকলা একাডেমিতে। প্রথম প্রদর্শনীর উদ্বোধন করবেন তারেক মাসুদের মা নুরুন্নাহার ও চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। এর পর সারা দেশের প্রায় সব জেলা, বিশ্ববিদ্যালয়গুলোতে ‘সুলতান’ প্রামাণ্যচিত্রটি দেখানো হবে।
নির্মাতা দিলশাদুল হক শিমুল এনটিভি অনলাইনকে বলেন, ‘সুলতান’কে নিয়ে তিনি পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জায়গায় ঘুরবেন। তারেক মাসুদের চলচ্চিত্র-ভাবনা এবং জীবনাদর্শ ছড়িয়ে দেওয়ার কথা বলেন শিমুল। তারেক মাসুদ যেভাবে সিনেমা ফেরি করে বেড়াতেন, ঠিক সেভাবে তিনি ‘সুলতান’কে নিয়ে যাবেন দেশের অধিকাংশ জেলা শহরে। তারেক মাসুদ বলতেন, ‘রাজধানীতে শুরু হয় সবকিছু, রাজধানীতে শেষ হয়।’ সে জন্য দেশের বিভিন্ন জায়গায় নিজের ছবির প্রদর্শনী করেছেন তারেক। তাঁরই পথ অনুসরণ করে শিমুল এই প্রামাণ্যচিত্রের প্রথম প্রদর্শনী শুরু করবেন ফরিদপুর থেকে।
তাঁর এই প্রামাণ্যচিত্রের নাম ‘সুলতান’ কেন? এমন প্রশ্নের উত্তরে নির্মাতা শিমুল বলেন, “তারেক মাসুদ প্রথম চিত্রশিল্পী এস এম সুলতানকে নিয়ে তৈরি করেছিলেন ‘আদম সুরত’। চলচ্চিত্র নির্মাণ করতে যে এলেম লাগে, সেটা তিনি সুলতানের ওপর তথ্যচিত্র নির্মাণ করতে গিয়েই শিখেছেন। সুতরাং তারেক মাসুদ তো বাংলা সিনেমায় আমাদেরই সুলতান। এ জন্যই তাঁকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রের নাম দেওয়া হয়েছে ‘সুলতান’।”
শিমুলের ‘সুলতান’ সিক্সথ সেন্সের ব্যানারে করা হয়েছে। তারেক মাসুদের সঙ্গে থেকে ২০০৯-২০১১ পর্যন্ত সময়ে এই প্রামাণ্যচিত্র তৈরির উদ্দেশ্যে তারেক মাসুদের সঙ্গে ঘুরে বেড়িয়েছেন। দিলশাদুল হক শিমুলের নির্মিত চলচ্চিত্র ‘লিডার’ এখন মুক্তির অপেক্ষায় রয়েছে। বাণিজ্যিক ধারার এই ছবিতে অভিনয় করেছেন নায়িকা মৌসুমী, ওমর সানী, মতিন রহমানসহ আরো অনেকে। ‘লিডার’ মুক্তি পাওয়ার আগে ‘সুলতান’কে নিয়েই সারা বাংলাদেশ ঘুরতে চান শিমুল।

ফিচার ডেস্ক