উপস্থাপনাই একমাত্র লক্ষ্য : মারিয়া নূর
বিজ্ঞাপনে মডেলিং, এর পর ক্রিকেট অনুষ্ঠানে উপস্থাপনা—এভাবেই ধীরে ধীরে টিভি দর্শকের কাছে পরিচিতি পেয়ে যান মারিয়া নূর! এখন তো বাংলাদেশের ক্রিকেট ম্যাচ মানেই মারিয়া নূর। তাঁর সপ্রতিভ উপস্থাপনার প্রশংসা করেন অনেকেই। কিছুদিন আগে বাংলাদেশে অস্ট্রেলিয়া ক্রিকেট টিমের সফর বাতিল না হলে আবারো সেই চেনা উপস্থাপনার ঢং নিয়ে টিভি পর্দায় হাজির হতেন মারিয়া। তো, মারিয়া যখন উপস্থাপনার জন্য প্রশংসাবাক্য শোনেন, তখন কেমন অনুভূতি হয়?
‘আমার ভক্তদের অনেকে প্রায়ই বলেন, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য আমি সৌভাগ্যের। আমি আছি বলেই বাংলাদেশ দল ভালো খেলছে। তবে আমি সব সময়ই বলি, আমার সৌভাগ্য যে বাংলাদেশ দল ভালো খেলছে, এমন একটা সময় আমি ক্রিকেট-উপস্থাপনা করছি। দল ভালো খেলছে বলে দর্শকের ভালোবাসা পাচ্ছি, প্রশংসা পাচ্ছি,’ বললেন মারিয়া।
মিডিয়ায় মারিয়ার ক্যারিয়ার শুরু রেডিও জকি (আর জে) হিসেবে, ২০০৯ সালে। টিভি পর্দায় আবির্ভাব ২০১২ সালে। সেটাও উপস্থাপনার মাধ্যমে। তবে লাবণ্যময়ী এই তরুণী প্রথম পরিচিতি পান ‘এখানেই ডটকম’-এর বিজ্ঞাপনে ‘ইয়াশনা’ নামটি দিয়ে। এর পর জিটিভির ‘ক্রিকেট এক্সট্রা’য় সাবলীল উপস্থাপনার মাধ্যমে মারিয়া নিজেকে নিয়ে গেছেন জনপ্রিয়তার শীর্ষে। মারিয়া বলেন, ‘মডেল বা অভিনেত্রীদের প্রচুর ভক্ত থাকে। তাঁদের নিয়ে সবাই মাতামাতি করে। উপস্থাপনা করেও যে তুমুল জনপ্রিয়তা পাওয়া যায়, সেটা এখন প্রতিষ্ঠিত হয়েছে। আমার সৌভাগ্য যে, আমার ক্ষেত্রে সেটা ঘটেছে। বাইরে কোথাও ঘুরতে গেলে সবাই চিনতে পারে। অনেকে কথা বলে। শুভেচ্ছা জানায়। ফেসবুকেও প্রচুর শুভেচ্ছাবার্তা পাই। সবার ভালোবাসা পাচ্ছি, এটাই আসলে তৃপ্তির।’
বলার অপেক্ষা রাখে না, মারিয়ার এই জনপ্রিয়তার অন্যতম কারণ তিনি ক্রিকেটের উপস্থাপনা করছেন। এর সঙ্গে তাঁর সাবলীল উপস্থাপনা তো আছেই। কথাটার সঙ্গে অনেকটা একমত মারিয়া নিজেও, ‘বাংলাদেশ ক্রিকেটপাগল দেশ। দেশের খেলা যখন চলে, গোটা দেশের দৃষ্টি থাকে টেলিভিশন পর্দার ওপর। জিটিভিতে ক্রিকেটের উপস্থাপনা করছি বলে সবার দৃষ্টি আকর্ষণ করাটা তুলনামূলক সহজ। তবে এখন কিন্তু অনেকেই ক্রিকেট উপস্থাপনা করছে। সবাই যে দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে পেরেছে, এমন নয়।’
মারিয়া জানান, বাংলাদেশের ক্রিকেটের প্রতি তাঁর ভালোলাগা ছোটবেলা থেকে। নির্দিষ্ট করে বললে ১৯৯৯ সাল থেকে। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ যেদিন কেনিয়াকে হারাল, সেদিন থেকে। এর পর থেকে নিয়মিতই বাংলাদেশের খেলা দেখেছেন তিনি। সময় যত গড়িয়েছে, ভালোলাগাটা ততই বেড়েছে। এখন তো মারিয়ার ভাবনার বড় অংশজুড়েই ক্রিকেট।
উপস্থাপনার পাশাপাশি মারিয়া এখন অভিনয়ও করছেন। রেদওয়ান রনি পরিচালিত ধারাবাহিক নাটক ‘ঝালমুড়ি’তে অভিনয় করছেন তিনি। এ ছাড়া ‘ফাইভ ফিমেল ফ্রেন্ডস’ নাটকে অভিনয় করেও দর্শক জনপ্রিয়তা পাচ্ছেন মারিয়া। অভিনয়ে জনপ্রিয়তা পেলেও নিয়মিত অভিনয় করার ইচ্ছা তাঁর নেই। উপস্থাপনাই তাঁর একমাত্র লক্ষ্য বলে জানান মারিয়া নূর।

নাইস নূর