শেষ হলো ‘চোখের দেখা’ ছবির দৃশ্যধারণ
গতকাল বুধবার শেষ হয়েছে পি এ কাজল পরিচালিত ‘চোখের দেখা’ ছবির দৃশ্যধারণের কাজ। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত কোক স্টুডিওতে মারামারির একটি দৃশ্যধারণের মাধ্যমে ছবিটির সব দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে বলে জানান ছবির পরিচালক পি এ কাজল। এই ছবিতে চিত্রনায়ক সাইমন ও অহনা প্রথম বারের মতো জুটিবদ্ধ হয়ে কাজ করছেন। এর আগে মানিকগঞ্জে ছবিটির বেশ কিছু দৃশ্যধারণ করা হয়।
ছবির পরিচালক পি এ কাজল এনটিভি অনলাইনকে বলেন, ‘গতকাল ছবির শেষ দৃশ্যের কাজ সম্পন্ন করলাম। এর ফাঁকে গানের শুটিংও করেছি। এখনো অহনা আর সাইমনের তিনটি রোমান্টিক গানের শুটিং বাকি আছে। আগামী মাসের ৫ থেকে ১৫ তারিখ দেশের বিভিন্ন স্থানে গানগুলোর দৃশ্যধারণ করা হবে।’ আগামী বছর ভালোবাসা দিবসের আগে ছবিটি মুক্তি দিতে চান পরিচালক।
ছবিটি সম্পর্কে চিত্রনায়ক সাইমন বলেন, ‘ছবিটিতে আমি খেলা পাগল এক ছেলের চরিত্রে অভিনয় করেছি। চলচ্চিত্রটির গল্পে দর্শক ব্যতিক্রমী কিছু পাবে। আমার অন্যান্য চলচ্চিত্রের চেয়ে এতে অনেক মনোযোগ দিয়ে অভিনয় করেছি।’
নায়িকা অহনার সঙ্গে প্রথমবারের মতো কাজ করার বিষয়ে সাইমন বলেন, ‘অহনা অনেক ভালো অভিনয় করে, বর্তমান সময়ের প্রায় সব নায়িকার সাথেই কাজ করেছি। তবে অহনার সাথে কাজ করতে গিয়ে কখনো মনে হয়নি সে নতুন।’
ছবিটি সম্পর্কে অহনা বলেন, ‘এই ছবির গল্প আমার খুব ভালো লেগেছে। আমার বিশ্বাস দর্শকের মনের মতো একটি চলচ্চিত্র হবে এটি।’
পরিচালনার পাশাপাশি ছবির কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পি এ কাজল। তিনি বলেন, ‘চলচ্চিত্রের মূল বিষয় হচ্ছে গল্পের পরিবেশ ফুটিয়ে তোলা। আমার এই গল্প গ্রাম-বাংলার এক খেলা পাগল ছেলেকে নিয়ে। সে ভালোবাসে অহনাকে কিন্তু বলতে পারে না। এই ছবিতে অহনা ভালো অভিনয় করছেন। আমার মনে হয় দর্শক ছবিটিতে নতুন কিছু পাবে।’
এই চলচ্চিত্রে আরো দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শামস সুমন ও শতাব্দী ওয়াদুদ।

মাজহার বাবু