এখনকার আইটেম গান অশ্লীল মনে হয় : নাসরিন
চলচ্চিত্রের দর্শক নাসরিন আক্তার নার্গিসকে একজন নৃত্যশিল্পী হিসেবেই বেশি চেনেন। তিনি অভিনয় করেছেন পাঁচশতাধিক চলচ্চিত্রে। বিশেষ করে চলচ্চিত্রের কৌতুক সম্রাট দিলদার বেঁচে থাকাকালে তাঁর সঙ্গে জুটি গড়ে উঠে নাসরিনের। তিন বছর ধরেই তিনি চলচ্চিত্রে অনিয়মিত, সংসার নিয়ে ব্যস্ত আছেন। তবে অভিনয়ে আবারও নিয়মিত হতে চান তিনি। নব্বই দশকের চলচ্চিত্রে পরিচিত এই মুখ বর্তমান চলচ্চিত্রের নানা বিষয় নিয়ে কথা বলেছেন এনটিভি অনলাইনের সঙ্গে।
প্রথমেই নাসরিন বললেন চলচ্চিত্রে নিয়মিত হতে চাওয়ার কথা, ‘আগামী ডিসেম্বরে আমার বাচ্চার বয়স দুই বছর হয়ে যাচ্ছে, এখন আবার ছবিতে কাজ করতে চাই। এরই মধ্যে রাজু চৌধুরীর একটি ছবিতে কাজ করছি। আরো ছবিতে কাজ করতে চাই, কিন্তু এখন কৌতুক আর আইটেম গানের সঙ্গে কাজ করতে চাই না। সিরিয়াস চরিত্রে কাজ করতে চাই। কিছু কাজের কথা হচ্ছে, আশা করি কিছুদিনের মধ্যে ভালো কোনো খবর দিতে পারব।’
এক সময় আপনি বাংলাদেশের চলচ্চিত্রে আইটেম গানে কাজ করেছেন, এখন ভিন্ন ঢংয়ে সব ছবিতে আইটেম গান জুড়ে দেওয়া হচ্ছে। কেমন হচ্ছে বলে আপনার মনে হয়? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা যখন আইটেম গানে কাজ করেছি, তখন আমাদের আবেদন দেখে ছেলেদের দেহমন গরম হতো। আর এখন আইটেম গানে যাঁরা কাজ করছেন, তাঁদের অনেকের কাজ দেখে আমার হাসি পায়।
তাঁদের অঙ্গভঙ্গি দেখে মানুষের শরীর গরম হওয়ার সুযোগ নেই। কীভাবে দাঁত খিচায়, জিভ বের করে নাচ করে, দেখতে খুব খারাপ লাগে। আমার কাছে অশ্লীল মনে হয়।’
আগের মতো ছবি কেন হিট হচ্ছে না, এমন প্রশ্নের জবাবে নাসরিন বলেন, ‘আমরা যখন ছবিতে নিয়মিত ছিলাম, তখন দেখেছি আমাদের সামনেই, পরিচালক সমিতিতে ছবির গল্প তৈরি হতো। আর এখন লোকেশনে গিয়ে বিদেশি ছবির গল্প চুরি করে ছবি বানানো হয়। মানুষ দেখবে কেন? আমাদের দেশের গল্প নিয়ে ছবি না বানালে দর্শক আর ছবি দেখবে না।’
১৯৯২ সালে চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানের হাত ধরেই চলচ্চিত্রে নাসরিনের অভিষেক। তাঁর প্রথম ছবি ‘লাভ’। এরপর এই পর্যন্ত তিনি পাঁচ শতাধিক ছবিতে অভিনয় করেছেন। নাসরিন অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে ‘অগ্নিপথ’, ‘মরণ কামড়’, ‘ফুলের মতো বউ’, ‘বর্তমান’, ‘কাজের মেয়ে’, ‘বিচার হবে’, ‘শেষ ঠিকানা’, ‘খোদার পরে মা’ ইত্যাদি। তাঁর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি সোহানুর রহমান সোহানের ‘এক মন এক প্রাণ’।

মাজহার বাবু