পূজার জন্য পিছিয়ে গেল ‘আপন মানুষ’
শাহ আলম মণ্ডল পরিচালিত ‘আপন মানুষ’ ছবির প্রথম লটের শুটিং শুরু হচ্ছে আগামী শুক্রবার। আগামী ২৬ অক্টোবর থেকে টানা তিন দিনের শুটিংয়ে একটি গানের শুটিং সম্পন্ন হবে বলে জানিয়েছেন পরিচালক। শুটিং শুরু করার কথা ছিল গতকাল থেকেই , কিন্তু পূজার কারণে শুটিংয়ের দিন পেছাতে হয়েছে বলে জানান তিনি। ছবিতে প্রধান ভূমিকায় কাজ করছেন বাপ্পি চৌধুরী ও পরী মণি।
এনটিভি অনলাইনকে শাহ আলম মণ্ডল বলেন, ‘এই ছবির কাহিনীতে দেখা যায়, সবার সঙ্গেই সবার খুব ভালো সম্পর্ক। তবে নানা জটিলতায় ছবির কাহিনী বাঁক নেবে। আমরা ভালোবাসা দিবসের একটি গানের শুটিং করব ঢাকার কাকরাইলে কচিকাঁচার আসরে। আমাদের গতকাল ১৭ তারিখ থেকে শুটিং করার কথা ছিল; কিন্তু পূজার জন্য কোনো লাইটিং পাচ্ছি না। এ কারণে শুটিং পেছাতে হয়েছে। আগামী মাসের ৫ তারিখ থেকে টানা ২০ দিন শুটিং করে ছবির সিকুয়েন্সের কাজ শেষ করার ইচ্ছা আছে। প্রথম ১০ দিন এফডিসিতে শুটিং করব আর বাকি ১০ দিন রংপুরে শুটিং করার ইচ্ছা আছে। এর পর বাকি থাকবে তিনটা গানের শুটিং। সবাই দোয়া করবেন, আমি যেন দর্শক চাহিদা পূরণ করতে পারি। আমার প্রথম ছবি দর্শক ভালোভাবে গ্রহণ করেছে। আশা করি, এই ছবিও তাদের ভালো লাগবে।’
পরী মণি বলেন, “শাহ আলম মণ্ডল ভাইয়ের 'ভালোবাসা সীমাহীন' ছবির মাধ্যমেই রুপালি পর্দায় আমার অভিষেক। 'ভালোবাসা সীমাহীন' ছবিটি দর্শকের কাছে ভালো লেগেছে। আশা করি, 'আপন মানুষ' ছবিটিও ভালো লাগবে। এ ছবির গল্পটিও অনেক সুন্দর।"
ছবিতে আরো অভিনয় করেছেন মিজু আহমেদ, মিশা সওদাগর প্রমুখ।

মাজহার বাবু