‘ঝালমুড়ি’ নামটি আমি রেখেছি : সুমন পাটওয়ারী
কয়েকজন তরুণ-তরুণীর জীবনের সুখ-দুঃখ হাসি-কান্না নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘ঝালমুড়ি’। নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন রেদওয়ান রনি ও নিয়ামুল মুক্তা। আজ রাত ৮টা ২০ মিনিটে আরটিভিতে নাটকটি প্রচারিত হবে।
নাটকটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা সুমন পাটওয়ারী। নাটকে মারিয়া নূরের স্বামীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। পর্দায় স্বামী-স্ত্রীর ভূমিকায় দারুণ রসায়ন জমিয়ে তুলেছেন তাঁরা দুজন। নাটকের গল্পে সারাক্ষণ তাদের খুনসুটি লেগেই থাকে।
অথচ পর্দার বাইরে তাদের সম্পর্ক ভাই-বোনের মতো। সুমন পাটওয়ারী মারিয়াকে তুই বলেই সম্বোধন করেন। মারিয়ার অভিনয়েও মুগ্ধ তিনি। সম্প্রতি আরটিভির একটি লাইভ অনুষ্ঠানে এসে এমন খবর জানালেন অভিনেতা সুমন পাটওয়ারী। শুধু তাই নয়, জানালেন ধারাবাহিকটির নামও রেখেছেন তিনি।
সুমন পাটওয়ারী বলেন, “‘ঝালমুড়ি’ নামটি আমি রেখেছি। কারণ নামটিতে কী যেন একটা ব্যাপার আছে। তরুণদের কথা চিন্তা করে এই নামটি আমি ভেবেছি। পরে নাটকের সংশ্লিষ্ট সবাই নামটি অনেক পছন্দ করেছিলেন। নামটি তাঁরা আর বদল করেননি।’
সুমন পাটওয়ারী ও মারিয়া নূর ছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন তাওসিফ মাহবুব, অ্যালেন শুভ্র, মুমতাহিনা টয়া, মৌটুসী বিশ্বাস, মিশু সাব্বির, সালমান মুক্তাদির, তাসনুভা তিশা, শবনম ফারিয়া, সাফা কবির, আইরিন আফরোজ, জোভান, সাঈম সাদাত, আনন্দ খালেদ, রবিন, সৌমিক আহমেদ, সিফাত, মাহমুদুল ইসলাম মিঠু, মাসুদ রানা, মিঠু, শহিদুল আলম, সাবেরী আলম, ওয়াসিম, ইউসুফা, সুজাত শিমুল, কাজী উজ্জ্বল প্রমুখ। সদ্য প্রয়াত তরুণ অভিনেতা সাঈম সাদাত অভিনীত শেষ নাটক ঝালমুড়ি।

নাইস নূর