এনটিভিতে নতুন ধারাবাহিক ‘শেষ বিকেলের গান’
আজ থেকে এনটিভিতে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘শেষ বিকেলের গান’। নাটকটি প্রতি সপ্তাহের শনি ও রবিবার রাত ৮টা ২০ মিনিটে প্রচারিত হবে।
লাকী ইনাম ও হৃদি হকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন যৌথভাবে হৃদি হক ও কামরুজ্জামান রনি। নাটকটিতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, ড. ইনামুল হক, প্রবীর মিত্র, শর্মিলী আহমেদ, দিলারা জামান, আমিরুল হক, ডলি জহুর, শম্পা রেজা, জিয়াউল হাসান কিসলু, মনোরঞ্জন ঘোষাল, মোশাররফ করিম, তানিয়া আহমেদ, লিটু আনাম, সাজু খাদেম, ড. এজাজ, নাঈম, তানজিকা আমিন, নাজনিন হাসান চুমকি, আকতার হোসেন, শ্রিয়া সর্বজয়া, সোনিয়া হোসেন, হাবিব বাহার, বিশ্বজিত ধর ও মিতা মাহমুদ।
‘শেষ বিকেলের গান’ নাটকের গল্পে দেখা যাবে এক বৃদ্ধাশ্রমের গল্প। বিজনেস আইকন আরমানের এই ওল্ড হোম গড়ে তোলার পেছনের গল্প সবার অজানা থাকলেও এখানকার তরুণ ডাক্তার আর দায়িত্ব প্রাপ্তদের আন্তরিকতার কথা কারো অজানা নয়। নুয়ে পড়া মানুষগুলোকে আনন্দ দেওয়ার চেষ্টায় প্রতিক্ষণ মগ্ন ওরা। কিন্তু যাদের জন্য এই ওল্ড হোম তাদের অতল দুঃখগুলোকে আসলেই কতটা ছোঁয়া যায়? হোমের বয়স্কদের গল্পগুলোই শুনতে চায় তরুণ দল। এমন বিষয় নিয়েই এনটিভিতে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘শেষ বিকেলের গান’।

ফিচার ডেস্ক