বড়দিনে তিশা আসছেন ‘উপহার’ নিয়ে
অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা, টিভি নাটক কিংবা চলচ্চিত্র, দুই মাধ্যমেই সাবলীল এই তারকা। সম্প্রতি তিনি একটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন, এর পাশাপাশি একটি নাটকের শুটিংও শেষ করেছেন তিনি। নাটকটি বড়দিন উপলক্ষে নির্মিত, নাম ‘উপহার’। ডেভিড প্রণব দাসের মূল ভাবনায় ও আপেল মাহমুদের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও।
নাটকটির শুটিং চলতি মাসের ১২, ১৩, ১৪ তারিখ বান্দরবানে করা হয়েছে বলে জানান পরিচালক জয়ন্ত। নাটকে তিশা ছাড়া আরো অভিনয় করেছেন সাব্বির, নাবিলা, রাতুল ও রোহান। তিশা অভিনীত ‘উপহার’ ২৫ ডিসেম্বর বড়দিনে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এনটিভিতে প্রচার করা হবে।

উপহার নাটকে তিশাকে লেখক চরিত্রে দেখতে পাবেন দর্শক। তাঁর চরিত্রের নাম অ্যানজেলা গোমেজ যিনি কি না গল্প লেখার জন্য বান্দারবানের পাহাড়ঘেরা, প্রকৃতির কোলে অবস্থিত একটি অনাথ আশ্রমে যান। সেখানকার কর্মাধ্যক্ষ সিস্টার টিনা থাকেন অ্যানজেলার বন্ধু। দুই বান্ধবীর কাহিনী নিয়েই নির্মিত হয়েছে নাটকটি।
নাটকের নাম ‘উপহার’ কেন জানতে চাইলে পরিচালক জয়ন্ত রোজারিও বলেন, ‘নাটকে রোদ্দুর নামের একটি শিশু চরিত্র রয়েছে যে কি না বড়দিনে সিস্টার টিনার কাছে সর্বশ্রেষ্ঠ উপহার পায়। কিন্তু উপহারটা কী ছিল, এটা জানতে হলে নাটকটি দেখতে হবে। এ ছাড়া আরো একটা কথা বলতে চাই, রোদ্দুর চরিত্রের গুরুত্ব এই নাটকে অনেক বেশি। রোদ্দুরের সঙ্গে অ্যানজেলার সখ্য থাকে গভীর। নাটকে রোদ্দুর অনাথ একটি ছেলে।’

নাইস নূর