স্বপ্ন সত্যি হতে চলেছে : সুমাইয়া শিমু
‘আমার গবেষণা করা শেষ। গবেষণার পেপার বিশ্ববিদ্যালয়ে জমা দিয়েছি। এখন শুধু বাকি মৌখিক পরীক্ষা। ভীষণ ভালো লাগছে আমার। বলতে পারেন, আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি অনেক ঝোঁক ছিল আমার। বাবা-মাও চাইতেন পড়াশোনায় যেন ভালো করি আমি। তাঁদের ইচ্ছা এখন পূর্ণ হয়েছে।’ কথাগুলো বলেছেন অভিনয়শিল্পী সুমাইয়া শিমু।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ‘সরকার ও রাজনীতি’ বিষয় নিয়ে অনার্স, মাস্টার্স শেষ করেছেন সুমাইয়া শিমু অনেক আগেই। এরপর এমফিল শেষে চার বছর ধরে গবেষণা করেছেন ‘শিল্প ও আর্থসামাজিক বাস্তবতার পেক্ষাপটে বাংলাদেশের টেলিপ্লে অভিনয়ে নারীর ভূমিকা’ এই বিষয়ের ওপর। সম্প্রতি এই গবেষণা শেষ করেছেন তিনি। এদিকে দীর্ঘদিন ধরে গবেষণা করার কারণে মিডিয়ায় সুমাইয়া শিমুর উপস্থিতি ছিল আগের থেকে তুলনামূলক কম। পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলেন শিমু এবং এর জন্য কঠোর পরিশ্রমও করতে হয়েছে তাঁকে। অনেক বেশি ফিল্ড ওয়ার্কও করছেন শিমু।
গবেষণা যেহেতু শেষ, অভিনয়ের বাইরে নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হবেন কি না জানতে চাইলে সুমাইয়া শিমু বলেন, ‘অভিনয় তো করবই। এর বাইরে অবশ্যই নতুন কাজে যুক্ত হতে চাই। তবে কোন সেক্টরে কাজ করব, এটা এখনো সিদ্ধান্ত নিতে পারিনি।’

নাইস নূর