শুটিং হাউসে জন্মদিনের কেক কাটলেন সজল
আজ শনিবার ২০ ফেব্রুয়ারি জনপ্রিয় অভিনয়শিল্পী আব্দুন নূর সজলের জন্মদিন। সাধারণত জন্মদিনে শুটিং না রাখার চেষ্টা করেন সজল। কিন্তু এবারের জন্মদিনে সেটা সম্ভব হয়নি। এখন উত্তরার একটি শুটিং হাউসে একক নাটকের শুটিং করছেন সজল। নাটকে তাঁর সহশিল্পী মম।
আজ সকালে শুটিং হাউসেই সবাইকে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন সজল। এ প্রসঙ্গে এনটিভি অনলাইনকে সজল বলেন, ‘খুব চেষ্টা করেছিলাম জন্মদিনে কোনো শুটিং করব না। কিন্তু শেষপর্যন্ত সেটা সম্ভব হয়নি। তবে শুটিং হাউসে সময় ভালো কাটছে। শুটিংয়ের ফাঁকে সবাই মিলে খুব মজা করছি। কেকও কাটা হয়েছে।’
এদিকে গতকাল শুক্রবার থেকে অসংখ্য ভক্ত, বন্ধু, সহশিল্পী ও পরিবারের সবার কাছ থেকেই একটু পরপরই শুভেচ্ছাবার্তা পাচ্ছেন সজল। সবার ভালোবাসায় সিক্ত হয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন তিনি।
জন্মদিনে সজল জানালেন, ‘একটা খবর দেওয়ার আছে, সামনে আরো একটি নতুন চলচ্চিত্রে কাজ শুরু করতে যাচ্ছি। তবে এর বেশি কিছু এখন বলতে চাই না। কিছু চমক থাকুক।’
গেল বছর তন্ময় তানসেন পরিচালিত ‘রান আউট’ ছবিতে অ্যাকশন হিরোর চরিত্রে অভিনয় করে সবার নজর কেড়েছিলেন সজল। এখন দেখা যাক, পরের ছবিতে সজলকে কী চরিত্রে দেখা যায়।

নাইস নূর