বিজ্ঞাপনে প্রথম জুটি বাঁধছেন তাহসান-মিম
প্রথমবারের মতো বিজ্ঞাপনে জুটি বাঁধলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও সংগীতশিল্পী তাহসান। এরই মধ্যে অনেক নাটকে তাঁরা জুটি বেঁধে কাজ করলেও বিজ্ঞাপনে এবারই প্রথম জুটি বেঁধে কাজ করছেন তাঁরা। আজ তেজগাঁওয়ের কোক স্টুডিওতে এই বিজ্ঞাপনের শুটিং হয়। বিজ্ঞাপনটির নির্দেশনা দিচ্ছেন বিজ্ঞাপন নির্মাতা সামির আহমেদ।
সামির আহমেদ এনটিভি অনলাইনকে বলেন, ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য একটি বিজ্ঞাপনের শুটিং করছি। আসলে বাংলাদেশকে ডিজিটাল করার যে প্রক্রিয়া চলছে এটি তারই একটি প্রয়াস মাত্র। আগামী ১০ এপ্রিল থেকে এটি বিভিন্ন বেসরকারি টিভিতে প্রচারিত হবে।’
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও সংগীতশিল্পী তাহসানকে নিয়ে কাজটি করা প্রসঙ্গে সামির বলেন, ‘আমরা এমন দুজনকে দিয়ে কাজটি করাতে চাইছিলাম যাদের প্রতি সাধারণ দর্শকদের একটা আগ্রহ আছে। আমাদের কাছে মনে হয়েছে এদের দুজনকে দিয়ে কাজটি করালে ভালো হবে। বিজ্ঞাপনের গল্পে দেখা যাবে যে তাঁরা দুজন একটি ট্রেনে ওঠেন, তারপর তাঁদের সময় কেটে যায়, এরই ফাঁকে কিছু মেসেজ থাকবে।’
বিদ্যা সিনহা মিম বলেন, ‘তাহসান ভাইয়ের সঙ্গে আমার কাজ করতে বরাবরই ভালো লাগে। ওনার সঙ্গে একাধিক নাটকে কাজ করেছি, কিন্তু বিজ্ঞাপনে এটাই প্রথম। আমার কাজটি করতে অনেক ভালো লাগছে।’
মিম সম্প্রতি মেহেদী হাসিবের নির্দেশনায় একটি বিস্কুটের বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। সেটিও প্রচারের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া তাঁর অভিনীত ‘দাগ’ ছবির কাজ শেষ পর্যায়ে রয়েছে। এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন বাপ্পি। এটি পরিচালনা করছেন তারেক শিকদার। আর প্রয়াত নির্মাতা খালিদ মাহমুদ মিঠুর ‘জোনাকীর আলো’ ছবিতে অভিনয়ের জন্য এবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কার পেতে যাচ্ছেন মিম।

মাজহার বাবু