কী হলো ‘দিশা’র?
ওশান এন্টারটেইনমেন্টের ব্যানারে গত জানুয়ারি মাস থেকে শুরু হয়েছিল ‘দিশা’ নামের নতুন একটি মেগাধারাবাহিকের কাজ।
জি এম সৈকতের পরিচালনায় সিরিয়ালটিতে অভিনয় করেছিলেন ভারতের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা তাপস পাল।
সিরিয়ালটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করতে দেখা যায় নবাগত অপ্সরা সুহিকে। সুহির বিপরীতে ধারবাহিকটিতে অভিনয় করেছেন ভারতের একজন অভিনেতা। কলকাতার বিভিন্ন লোকেশনে ধারাবাহিকটির চিত্রায়নের কাজ হয়েছে।
বিগ বাজেটের এই ধারাবাহিকের কী হলো? কবে আসছে এটি টিভি পর্দায়? সেটা জানতে নির্মাতা সৈকতের সঙ্গে কথা হয় এনটিভি অনলাইনের। তিনি বলেন, “প্রথম লটের কাজ শেষ হয়েছে। কয়েকদিনের মধ্যে আবারো শুটিংয়ে যাব। এরই মধ্যে একটি বেসরকারি টিভি চ্যানেলের সঙ্গে কথা হয়েছে। কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন কবে, কোন টেলিভিশনে আসছে ‘দিশা’।”
অন্যদিকে দিশার প্রযোজক এ এস জুয়েল জানিয়েছেন ভিন্ন কথা। তিনি বলেন, “আপাতত ‘দিশা’ ধারবাহিকটির কাজ বন্ধ রয়েছে। কবে, কোন চ্যানেলে প্রচার করা হবে কিছুই আমাকে জানাচ্ছেন না নির্মাতা জি এম সৈকত। আসলেই কি সিরিয়ালটি তিনি চালাতে পারবেন কি না সেটা আমার মাথায় আসছে না। কারণ কয়েকবার তিনি কথা দিয়েও কথা রাখেননি। এখন শুনছি ভিন্ন কথা। তিনি নাকি অন্য প্রযোজক নিয়ে ধারাবাহিকটির কাজ করছেন। সেই রকম হলে তো আমার সঙ্গে হিসাব-নিকাশ আগে শেষ করে নিতে হবে।”

মাজহার বাবু