সাব্বির-তাসকিন-সানির ‘ক্রিকেট ক্রিকেট’
টেলিভিশনে ঈদের অনুষ্ঠানমালার প্রতি দর্শকের বাড়তি আগ্রহ রয়েছে। আর যদি অনুষ্ঠানমালায় ক্রিকেটারদের উপস্থিতি থাকে, তাহলে তো কথাই নেই। প্রায় প্রতি ঈদেই বিভিন্ন চ্যানেলে ক্রিকেট তারকাদের উপস্থিতি দেখা যায়। এবার ঈদেও এর ব্যতিক্রম হয়নি।
সম্প্রতি ক্রিকেটার সাব্বির রহমান, তাসকিন আহমেদ ও আরাফাত সানি একটি অনুষ্ঠানের শুটিং শেষ করেছেন। অনুষ্ঠানের নাম ‘ক্রিকেট ক্রিকেট’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী ঈশিকা খান।
অনুষ্ঠানে সাব্বির, তাসকিন ও সানি খেলাধুলাসহ তাঁদের জীবনের অন্যান্য অনেক মজার ঘটনার কথা জানিয়েছেন। ড্রেসিংরুমের ভেতরে তাঁরা কীভাবে সময় পার করেন, সেটাও জানিয়েছেন। এ ছাড়া নিজেদের আরো জানা-অজানার অনেক কথা বলেছেন এই তিন ক্রিকেটার।
অনুষ্ঠানটি উপস্থাপনা করার অভিজ্ঞতা জানতে চাইলে এনটিভি অনলাইনকে ঈশিকা বলেন, ‘দারুণ লেগেছে অনুষ্ঠানটি উপস্থাপনা করে। আমরা অনেকক্ষণ আলাপ করেছি। নিজেদের সম্পর্কে অনেক মজার তথ্য দিয়েছেন সাব্বির, সানি ও তাসকিন। এমনকি কে কয়টা ফোন ব্যবহার করেন, এটাও দর্শক জানতে পারবেন। এ ছাড়া মাঠে খেলার বিষয়েও অনেক সিরিয়াস প্রশ্নের উত্তর দিয়েছেন তাঁরা। আর উপস্থাপনা করতে গিয়ে এতটুকু বুঝেছি, তাঁদের সবার আন্তরিকতা অনেক। সবার মধ্যে ভালো বন্ধুত্ব ও পারিবারিক সম্পর্ক রয়েছে।’
‘ক্রিকেট ক্রিকেট’ অনুষ্ঠানটি মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠানমালায় প্রচারিত হবে।


নাইস নূর