এনটিভিতে ঈদের দ্বিতীয় দিনের আয়োজন
ঈদুল ফিতর উপলক্ষে এনটিভি সাত দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে। বিশেষ নাটক, টেলিফিল্ম ছাড়াও আগামীকাল শুক্রবার ঈদের দ্বিতীয় দিন বিকেল ৫টা ২০ মিনিটে প্রচারিত হবে ছোটদের বিশেষ অনুষ্ঠান ‘নেতা বনাম অভিনেতা’। চলুন জেনে নিই, ঈদের দ্বিতীয় দিনে এনটিভির আয়োজনে আরো কী কী অনুষ্ঠান থাকছে।
পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি : আমাদের ছোট সাহেব
সকাল ১০টা ৫ মিনিটে প্রচারিত হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘আমাদের ছোট সাহেব’। এফ আই মনিকের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন শকিব খান, অপু বিশ্বাস, সাহারা, মিশা সওদাগর, সুচরিতা, আলীরাজ প্রমুখ।
বিশেষ টেলিফিল্ম : রুপালি দিনের গল্প
দুপুর ২.৩৫ মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ টেলিফিল্ম ‘রুপালি দিনের গল্প’। বিপাশা হায়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আরিফ খান। অভিনয় করেছেন আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, বিপাশা, তৌকির, শর্মীমালা প্রমুখ। টেলিফিল্মের গল্পে দেখা যাবে, ‘মিনারা বেগমের স্বামীর অঢেল সম্পত্তি। এই সম্পত্তির উত্তরাধিকারী তার নিজের ছেলে শরীফ ও সৎ ছেলে আকরাম। কিন্তু মিনারা বেগম তার স্বামীর সম্পত্তির ভাগ তার নিজের ছেলে শরীফ ছাড়া অন্য কাউকে দিতে রাজি না। তাই যখন সে জানতে পারল যে, তার সৎ ছেলে আকরামের স্ত্রী মরিয়ম অন্তঃসত্ত্বা এবং তার গর্ভে পুত্র সন্তান; তখন তাকে পানিতে ভাসিয়ে দিতেও দ্বিধা করেনি। কিন্তু মরিয়ম সে যাত্রায় বেঁচে গিয়ে আশ্রয় পায় অন্য কোনো এক গ্রামের হত দরিদ্র পরিবারে। ওই পরিবারের কর্তাব্যক্তি সবুজ এই ঝামেলা মেনে না নিলেও তার স্ত্রী হনুফা তাকে বোন বানিয়ে আশ্রয় দেয়। এরপর থেকে শুরু হয় অন্য গল্প।’
বিশেষ অনুষ্ঠান : নেতা বনাম অভিনেতা
বিকেল ৫টা ২০ মিনিটে প্রচারিত হবে ছোটদের বিশেষ অনুষ্ঠান ‘নেতা বনাম অভিনেতা’। হাসান ইউসুফ খানের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন নওশীন। অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন বিশিষ্ট অভিনেতা আলমগীর ও বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুর রাজ্জাক।
৭ পর্বের ধারবাহিক নাটক : আমি তুমি তুমি আমি
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘আমি তুমি তুমি আমি’র দ্বিতীয় পর্ব। এজাজ মুন্না’র রচনা ও পরিচালনায় নাটটিতে অভিনয় করেছেন সাজু খাদেম, শ্যামল, কুসুম শিকদার, ঊর্মিলা, আব্দুল কাদের, মনিরা মিঠু, হৃদি হক প্রমুখ। নাটকের গল্পে দেখা ‘অবসরপ্রাপ্ত কাজী নিয়াজ মাহমুদার স্ত্রী মাহমুদা বেলি নিয়াজ ইতিমধ্যে জানিয়ে দিয়েছে সংসার থেকে সে অবসর গ্রহণ করবে। স্ত্রীর মুখে এই কথা শুনে খানিকটা ধাক্কা খেল। সিদ্ধান্ত নিল দুই ছেলে সাহিল আর সাজিদকে বিয়ে দিয়ে সংসারের ভার বুঝিয়ে স্ত্রীকে অবসরে পাঠাবে। বিয়ের কথা শুনে সাহিল আর সাজিদ খুশি হয়। কিন্তু বাবার পছন্দে তারা বিয়ে করবে না সেটা জানিয়ে দেয়। বাবা তাদের কথা মেনে নিয়ে ঘোষণা দেয় আগামী সাতদিনের মধ্যে তাদের পছন্দের মেয়ের বাবা মার ঠিকানা দিতে। সে গিয়ে কথা বলে বিয়ে চূড়ান্ত করবে। এই কথায় সাহিল আর সাজিদ দুজনই রাজি। তারপর?’
৭ পর্বের ধারবাহিক নাটক : লাভ এন্ড কোং
সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ ধারাবাহিক নাটক ‘লাভ এন্ড কোং’র দ্বিতীয় পর্ব। মাসুদ সেজানের রচনা ও পরিচালনায় নাটটিতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, পূর্ণিমা, ডা. এজাজ, শামীমা নাজনীন, মিশু সাব্বির, সাবিলা নূর, শাহরিয়ার নাজিম জয় প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, ‘সুমি ছুটে আসে আরিফের কাছে। তার চোখে মুখে আতঙ্ক। প্রশ্ন করতেই সুমি কেঁদে দিল। নব-দম্পতির মিষ্টি হানিমুনটা নষ্ট করতে যে এসেছে, যাকে দেখে সুমি এতটা বিচলিত, জাফর নামের এই ছেলেটি কে? অন্যদিকে, জুঁই ও রন্টুর নতুন প্রেম। আদৌ তারা রিলেশনটা কন্টিনিউ করবে কি না, একটু যাচাই বাছাই করে নিতে চায়। তারা লাভ সেলিব্রেশন নামের একটি ট্যুরের আইডিয়া করে। চা বাগানঘেরা রিসোর্টে তাদের প্রথম সকালটা খুব ভালোভাবেই শুরু হয়েছিল কিন্তু হঠাৎ করেই জুঁইয়ের বড় ভাই জসিম উদ্দিন সব উল্টাপাল্টা করে দিল। তার বউ মমতাজ যখন ডিভোর্স দেওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে, জসিম উদ্দিন ফাঁসির আসামির শেষ ইচ্ছে পূরণের আদলে মমতাজের সাথে একটা ট্যুর ভিক্ষা চায়। তাই তারা এখানে এসেছে। জুঁই হঠাৎ ভাই-ভাবিকে এখানে দেখে বজ্রাহত হয়।’
বিশেষ নাটক : এখন আর রূপকথা হয় না
রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘এখন আর রূপকথা হয় না’। মেজবাহ উদ্দীন সুমন ও শিহাব শাহীনের যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। অভিনয় করেছেন তাহসান, জাকিয়া বারী মম, মারজুক রাসেল, মনিরা মিঠু প্রমুখ।
বিশেষ নৃত্যানুষ্ঠান : নিতি নৃত্যে
রাত ৯টায় প্রচারিত হবে বিশেষ নৃত্যানুষ্ঠান ‘নিতি নৃত্যে’। ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করেছেন মেহজাবিন, সাবিলা নূর, তানজিন তিশা, রথী, অনন্যা ও তিথি কবির।
৭ পর্বের ধারাবাহিক নাটক : অশ্বডিম্ব
রাত ৯টা ৫৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘অশ্বডিম্ব’র দ্বিতীয় পর্ব। অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন আবুল কালাম আজাদ, ফারুক হোসেন, চঞ্চল চৌধুরী, আশনা হাবিব ভাবনা, রুনা খান, মৌসুমী হামিদ প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, ‘গ্রাম্য কৃষক জলিল মিঞা ফজরের নামাজ পড়ে উঠানে গিয়ে দেখে বিশাল আকৃতির এক ডিম পড়ে আছে। দ্রুত তার স্ত্রী নূরানিকে ডেকে তোলে, দুজনই রীতিমতো হতভম্ব। মাতাল ফজলু দাবি করে, সে গতরাতে এক ঘোড়াকে এখানে ডিম পেড়ে জঙ্গলে মিলিয়ে যেতে দেখেছে। ক্রমেই ব্যাপারটা জানাজানি হয় এবং গ্রামের নানা প্রান্ত থেকে মানুষজন আসতে থাকে। চেয়ারম্যান সাহেবের মেয়ে নীতুর বড় সাধ এই ডিমের পোচ কিংবা ওমলেট খাবার। নীতুর মায়েরও একই মত। কেউ বলে তা দিয়ে বাচ্চা ফোটাতে, কেউ বলে শহরে নিয়ে জাদুঘরে জমা দিতে। কেউবা নিছকই খেয়ে ফেলবার পরিকল্পনায় ব্যস্ত।’
৭ পর্বের ধারাবাহিক নাটক : বাপের বেটা
রাত ১১টা প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘বাপের বেটা’র দ্বিতীয় পর্ব। মারুফ রেহমানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, রিচি সোলায়মান, আ খ ম হাসান, মিথিলা, পারসা ইভানা, জামিল, জামাল রাজা, টুনটুন প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে ‘কে বাপ আর কে বেটা তা মোশাররফ আর তার ছেলে হাসানকে দেখে বোঝার কোনো উপায় নেই। জমির দালাল মোশাররফ বউয়ের বাড়িতেই থাকে। শরীর ঠিক রাখার জন্য সে নিয়মিত ব্যায়াম করে। তার বউ রিচি সোলায়মান স্বামীর কাজ-কর্মে খুবই বিরক্ত। ছেলে হাসান সারাদিন গান, কবিতা লেখা আর ফেসবুক নিয়ে ব্যস্ত। ফেসবুকের সুবাদে গ্রামের দুই বোন তার লেখার প্রেমে পড়ে যায়। ঘটনাক্রমে ছেলের ফেসবুক নিজে ব্যবহার করা শুরু করে মোশাররফ। কিন্তু রহস্য কী?’
বিশেষ নাটক : মাধবীলতা, গ্রহ আর না
রাত ১১.৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ নাটক ‘মাধবীলতা, গ্রহ আর না’। সাগর জাহানের রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, অপি করিম, সামির, ইরিশ আহমেদ প্রমুখ।
নাটকের গল্পে দেখা যাবে, ‘মাধবীলতা একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করে। স্বামী মারা গেছে অনেকদিন আগেই। ১০ বছরের ছেলে গ্রহ। তার সুন্দর ও গোছানো জীবন সুন্দরভাবেই চলতে থাকে। এই গোছানো জীবন এলোমেলো হতে শুরু করে যখন সে বুঝতে পারে গ্রহ কেমন অস্বাভাবিক আচরণ করছে। যেমন সে বাসায় কার সাথে যেন কথা বলে। তার ঘর প্রায় সময় অগোছালো থাকে, বকা দিলে দেখা যায় পরক্ষণেই গোছানো হয়ে যায়। মাধবীলতার মোবাইল নিয়ে গ্রহ মাঝে মাঝেই ছবি তোলে, কিন্তু দেখা যায় তার ছবি রুমের ছাদ থেকে কে যেন ছবি তুলে দেয়, ম্যাডাম কি পড়াবে সে আগে থেকেই বলতে পারে.. এই সব কিছু মাধবীলতার জীবনকে অতিষ্ট করে তোলে।’

নাইস নূর