পালিয়ে বিয়ে করছেন শখ ও জোভান?
পালিয়ে বিয়ে করার অভিজ্ঞতা বাস্তবে না হলেও অভিনয় করতে গিয়ে এমন অভিজ্ঞতাই হচ্ছে অভিনয়শিল্পী শখের। তিনি ‘ইট ইজ মাই লাভ স্টোরি’ নাটকে অভিনয় করতে গিয়ে অভিনয়শিল্পী জোভানের সঙ্গে পালিয়ে যাওয়ার অভিনয় করছেন। নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ্। আর নাটকটি যৌথভাবে প্রযোজনা করেছেন সাব্বির চৌধুরী ও মাসুদুল হাসান।
এদিকে রোমান্টিক গল্পের এই নাটকটিতে অভিনয় করে বেশ রোমাঞ্চিত শখ ও জোভান। কারণ নাটকের গল্প তাঁদের দুজনের পছন্দ হয়েছে।
জোভান বলেন, ‘শখের সঙ্গে এটা আমার প্রথম নাটক। তাঁর সঙ্গে অভিনয় করে অনেক ভালো লেগেছে আমার।’
নাটকটিতে আরো অভিনয় করেছেন মাজনুন মিজান। তিনি এনটিভি অনলাইনকে বলেন, ‘এটা রোমান্টিক গল্পের নাটক। নাটকটি অনেক যত্ন নিয়ে বান্নাহ্ নির্মাণ করেছেন। শখ, জোভান ও আমার উপস্থাপন দর্শকদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
‘ইট ইজ মাই লাভ স্টোরি’ নাটকের গল্পে দেখা যাবে, ‘ঘটনাচক্রে শখের প্রেমে পড়ে জোভান। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় শখের ভাই মাজনুন মিজান। একপর্যায়ে শখ ও জোভান পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন। এভাবে এগিয়ে যায় নাটকের গল্প।’
নাটকটি আসছে ঈদে একটি বেসরকারি চ্যানেলে প্রচারিত হবে বলে জানান পরিচালক মাবরুর রশিদ বান্নাহ্। বর্তমানে ঈদের নাটকের কাজ নিয়ে তিনি ব্যস্ত সময় পার করছেন।

নাইস নূর