ভারত ভ্রমণে ভাবনা
ভারতের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন অভিনয়শিল্পী আশনা হাবিব ভাবনা। এখন তিনি রয়েছেন হিমাচল প্রদেশের মানালিতে। কিছুদিন পর দিল্লিতে যাবেন।
তবে একা একা ঘুরছেন না ভাবনা। তাঁর সঙ্গে রয়েছেন আরো তিন তারকা। চলচ্চিত্র পরিচালক অনিমেষ আইচ, অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী বাঁধন। ঘুরে বেড়ানোর পাশাপাশি জমিয়ে আড্ডাও দিচ্ছেন এই চার তারকা।
হঠাৎ এই ভারত ভ্রমণ প্রসঙ্গে এনটিভি অনলাইনকে ভাবনা বলেন, ‘ঘুরতে ইচ্ছে হলো তাই সবাই মিলে ঘুরছি। এখন মানালিতে ঘুরছি। দারুণ লাগছে এখানে। অনেক চমৎকার জায়গা। কিছুদিনের মধ্যে মানালি থেকে দিল্লিতে যাব। সেখানে আজমীর শরিফে যাব। এরপর জয়পুর থেকে ঘুরে আগামী ১০ আগস্ট ঢাকায় ফেরার ইচ্ছে রয়েছে।’
গেল ঈদে ভাবনা অভিনীত বেশ কিছু নাটক প্রশংসিত হয়েছে। এর মধ্যে ‘মোহিনী’ ও ‘অশ্বডিম্ব’ নাটক দুটি উল্লেখযোগ্য। সামনের ঈদেও বেশ কিছু নাটকে ভাবনাকে দেখা যাবে। তবে এবারের নাটকগুলোতে নতুন নতুন চমক থাকবে বলে জানান তিনি।
তবে কী সেই চমক এখনই সেটা বলতে চান না ভাবনা। জানালেন, ‘দর্শক-ভক্তরা নিরাশ হবেন না এমন কিছু নাটকেই অভিনয় করব।’


নাইস নূর