পড়শিকে ভয় পাচ্ছেন মেহরাব!
জনপ্রিয় সংগীতশিল্পী পড়শি নিজেকে নাকি বিভিন্ন পরিচয়ে দেখতে ভালোবাসেন। তাই চলচ্চিত্র, নাটক, ছবি আঁকাসহ বিভিন্ন শাখায় তাঁর পদচারণা বলে জানান তিনি। একদিকে ভালোবেসে যেমন নিয়মিত গান গাইছেন, তেমনি রেডিও জকি হিসেবেও কাজ করছেন, কুড়াচ্ছেন জনপ্রিয়তা। গেল ঈদে মুক্তিপ্রাপ্ত ‘মেন্টাল’ চলচ্চিত্রে অভিনয় করেও সবার দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি।
পড়শি ভক্তদের জন্য সুখবর হলো, এবার ঈদের জন্য বিশেষ একটি টেলিফিল্মে অভিনয় করছেন তিনি। টেলিফিল্মটির নাম ‘শ্রাবণ এসেছিল গান হয়ে’, এটি পরিচালনা করছেন আরিফ খান। এতে পড়শির বিপরীতে অভিনয় করেছেন মেহরাব।

টেলিফিল্মে প্রথমবারের মতো কাজ করার অভিজ্ঞতা নিয়ে এনটিভি অনলাইনকে পড়শি বলেন, ‘ভীষণ ভালো লাগছে অভিনয় করে। গল্পটা অনেক রোমান্টিক। আমার চরিত্রের নাম মলি। এখানে মেহরাব ভাই আর আমার ভালোবাসার সম্পর্ক থাকে। রোমান্টিক গল্পটি এমনভাবে সাজানো হয়েছে যে পুরো গল্পে নিজের প্রেমিকা হিসেবে মেহরাব ভাই আমাকে অনেক ভয় পান। বাকি গল্প টেলিফিল্মটি প্রচারের পর সবাই দেখতে পাবেন।’
নতুন প্রজন্মের দুই সংগীতশিল্পী মেহরাব ও পড়শি ছাড়াও এই টেলিফিল্মটিতে অভিনয় করেছেন শুভ্র দেব, ডলি সায়ন্তনী, সিথি সাহা,আগুন প্রমুখ।
ছয় সংগীতশিল্পীর রোমান্টিক গল্পের এই টেলিফিল্ম আসন্ন ঈদে এনটিভিতে ঈদের দ্বিতীয় দিন দুপুর ২টা ২০ মিনিটে প্রচারিত হবে।

ফিচার ডেস্ক