৬ মাসে ১৮ কেজি ওজন কমিয়েছেন বাঁধন, কীভাবে?
অভিনেত্রী আজমেরী হক বাঁধন নিজের শরীরী পরিবর্তনের অভিজ্ঞতা প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন। সামাজিক মাধ্যমে দুটি ভিন্ন সময়ের ছবি প্রকাশ করে ৭৮ কেজি থেকে ৬০ কেজিতে নেমে আসার গল্প তুলে ধরেছেন তিনি।
এই যাত্রা মোটেও সহজ ছিল না বলে জানান বাঁধন। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি লেখেন, ‘৭৮ কেজি থেকে ৬০ কেজি—আমি পেরেছি। কিন্তু এই পথটা সহজ ছিল না। মানসিক স্বাস্থ্যের চাপ, অস্বাস্থ্যকর জীবনযাপন আর বংশগত বিষয়গুলোকে গুরুত্ব না দেওয়ার ফলেই আমার ওজন বেড়েছিল।’
তিনি জানান, সঠিক চিকিৎসকের পরামর্শ, নিয়মিত অনুশীলন এবং নিজের ওপর বিশ্বাস রাখার মাধ্যমেই মাত্র ছয় মাসে ১৮ কেজি ওজন কমানো সম্ভব হয়েছে।
এই পরিবর্তনের পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিলেন তার মেয়ে—এ কথাও উল্লেখ করেন বাঁধন। তার ভাষায়, মেয়েই তাকে নিয়মিত শরীরচর্চা করতে, জাঙ্ক ফুড এড়িয়ে চলতে এবং প্রতিদিন নিজেকে বিশ্বাস করতে উৎসাহ জুগিয়েছে। বাঁধন লেখেন, ‘এটা শুধু ওজন কমানো নয়—এটা নিরাময়, শক্ত হয়ে ওঠা আর আত্মসম্মান ফিরে পাওয়ার গল্প। এই পথচলা এখনো চলছে।’
বাঁধনের এই পরিবর্তন দেখে তার ভক্তদের প্রতিক্রিয়াও চোখে পড়ার মতো। অনেকেই মন্তব্য করেছেন অনুপ্রেরণার কথা, কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন তার এই রূপান্তর দেখে।
বর্তমানে নির্মাতা তানিম নূরের নতুন সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন বাঁধন। হুমায়ূন আহমেদের গল্প ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত হচ্ছে এই সিনেমাটি।

বিনোদন ডেস্ক