বিয়ের পিঁড়িতে নাঈম-শাবনাজ কন্যা মাহাদিয়া
ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজের বড় মেয়ে মাহাদিয়া নাঈম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গতকাল শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়ের বিয়ের ছবি প্রকাশ করে এই সুখবরটি শেয়ার করেন বাবা নাঈম নিজেই।
খোঁজ নিয়ে জানা গেছে, মাহাদিয়া ও তার বর ইহসান মনসুর চৌধুরীর মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। গত বছরের ২৪ ডিসেম্বর ঢাকার উত্তরায় পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পাত্র ইহসান বর্তমানে সপরিবারে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন।
মাহাদিয়া নাঈম কানাডার একটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ম্যানেজমেন্টে স্নাতক সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি উচ্চশিক্ষার জন্য সিডনিতে অবস্থান করছেন। দেশ ছাড়ার আগেই দুই পরিবারের উপস্থিতিতে তাদের বিয়ের কাজ শেষ করা হয়েছিল।
মেয়ের বিয়ের খবর জানিয়ে নাঈম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। জীবনের এই নতুন অধ্যায়ে মাহাদিয়া ও ইহসানের সুন্দর ভবিষ্যতের জন্য তিনি ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।

বিনোদন ডেস্ক