‘মঞ্চে ওঠার সময় জানতে পারি একুশে পদক পাচ্ছি’
বাংলাদেশের কোনো ব্যান্ড হিসেবে প্রথমবারের মতো দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘একুশে পদক’ পাচ্ছে ওয়ারফেজ। মিরপুর স্টেডিয়ামে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ ২০২৬-এর উদ্বোধনী মঞ্চে ওঠার ঠিক আগে এই খুশির সংবাদটি ব্যান্ডটির কাছে পৌঁছায় বলে জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে এই কথা জানান ওয়ারফেজ।
ব্যান্ড সংগীতে দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বিশেষ অবদানের জন্য তাদের এই পুরস্কারে মনোনীত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
সামাজিক মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করে দেওয়া পোস্টে ব্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়, মিরপুর স্টেডিয়ামে অদম্য বাংলাদেশ টি-২০ কাপ ২০২৬-এর উদ্বোধনী মঞ্চে ওঠার মাত্র চার মিনিট আগে আমরা জানতে পারি, ওয়ারফেজ পাচ্ছে দেশের দ্বিতীয় সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান ‘একুশে পদক’। এই ঐতিহাসিক অর্জনের খবর জানার পর আবেগে আমরা আপ্লুত হয়ে পড়ি। আনন্দে একে অপরকে জড়িয়ে ধরি। কারণ, একুশে পদকপ্রাপ্ত সম্ভাব্য প্রথম বাংলা ব্যান্ড ওয়ারফেজ।
যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ব্যান্ডটির পাশে থেকেছেন, তাদের সকলের প্রতি চিরকৃতজ্ঞ ওয়ারফেজ। তাদের কথায়, আমাদের সাবেক সদস্য, আমাদের পরিবার ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা। তাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এই অর্জন সম্ভব হতো না।
ওয়ারফেজ আরও উল্লেখ করে, এটি শুধু আমাদের ব্যক্তিগত মাইলফলক নয়; পুরো বাংলা ব্যান্ড সংগীত কমিউনিটি ও ইন্ডাস্ট্রির জন্যও এক ঐতিহাসিক মুহূর্ত। এই গৌরবময় সম্মানে আপনাদের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত। আমাদের গান ভালোবাসার জন্য সবাইকে ধন্যবাদ। এই গৌরবের যোগ্য করে তোলার জন্য আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা।
১৯৮৪ সালের ৫ জুন যাত্রা করে ‘ওয়ারফেজ’। ১৯৯১ সালে ‘ওয়ারফেজ’ শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশ করে। ২০২৪ সালে দলটি সংগীতযাত্রার ৪০ বছর পূর্ণ করে। এই দীর্ঘপথচলাকে ঘিরে ওই বছরের অগাস্ট থেকে দলটি দেশ-বিদেশে লেগ্যাসি কনসার্ট ট্যুর করে।
কয়েকটি দেশ ঘুরে দলটির ‘ফোরটি ইয়ার্স লেগ্যাসি কনসার্ট ট্যুর’ নিয়ে যাওয়ার কথা ছিল দেশের নানা প্রান্তে। তবে দেশের সার্বিক পরিস্থিতির জন্য তা আপাতত স্থগিত।
চার দশকের পথচলায় দলটি উপহার দিয়েছে ‘বসে আছি’, ‘নেই প্রয়োজন’, ‘অসামাজিক’, ‘অবাক ভালোবাসা’, ‘জননী’, ‘যত দূরে’, ‘বেওয়ারিশ’, ‘মহারাজ’, ‘তোমাকে’, ‘পূর্ণতা’, ‘সত্য’, ‘রূপকথা’র মত জনপ্রিয় গান। প্রকাশ পেয়েছে ব্যান্ডের আটটি অ্যালবাম।
এ পর্যন্ত ওয়ারফেজের আটটি অ্যালবাম প্রকাশিত হয়েছে, যার মধ্যে ‘সত্য’ সর্বশেষ স্টুডিও অ্যালবাম। বর্তমানে ইব্রাহিম আহমেদ কমল, শেখ মনিরুল আলম টিপুসহ অন্যান্য সদস্যদের নিয়ে গঠিত ওয়ারফেইজ নিয়মিত কনসার্ট করে যাচ্ছে।

বিনোদন ডেস্ক