মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন অপূর্ব
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব তাঁর ভক্তদের জন্য নিয়ে এলেন এক দারুণ চমক। এবারের ভালোবাসা দিবসে নিজের মেয়ের ছবি প্রথমবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে করেছেন এই অভিনেতা।
মেয়ের নাম রেখেছেন আনায়া। ছোট্ট রাজকন্যার একটি মিষ্টি ছবি শেয়ার করে অপূর্ব তাঁর ক্যাপশনে লিখেছেন, "এই বছর আমাদের ভ্যালেন্টাইন হলো আমাদের ছোট্ট রাজকন্যা আনায়া। ওর জন্য দোয়া করবেন।"
অপূর্বর এই পোস্টের পর থেকেই সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন তিনি। ছোট পর্দার এই শীর্ষ অভিনেতার জীবনের নতুন এই অতিথিকে স্বাগত জানিয়ে নেটিজেনরা ইতিবাচক মন্তব্য করছেন। অনেকেই আনায়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।
ব্যক্তিগত জীবনকে সাধারণত আড়ালে রাখতেই পছন্দ করেন অপূর্ব। তবে বিশেষ এই দিনে জীবনের সবচেয়ে বড় আনন্দের সংবাদটি সবার সঙ্গে ভাগ করে নিয়ে ভক্তদের ভালোবাসায় সিক্ত হলেন তিনি।

বিনোদন প্রতিবেদক