অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জেসি বাকলি
এবারের ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন জেসি বাকলি। ক্লোয়ি ঝাওয়ের ‘হ্যামনেট’ সিনেমার জন্য পুরস্কার পান এই আইরিশ তারকা। গোল্ডেন গ্লোব, ক্রিটিকস চয়েজ, বাফটা, অ্যাক্টার অ্যাওয়ার্ডসের পর অনুমিতভাবেই অস্কারেও সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন জেসি বাকলি।
‘হ্যামনেট’ সিনেমাতে জেসি বাকলি শোককে এমনভাবে দেখিয়েছেন, যা সম্ভবত আগে কখনো পর্দায় দেখা যায়নি। নিজেকে তিনি সত্যিই উইলিয়াম শেক্সপিয়ারের স্ত্রী অ্যাগনেস হ্যাথাওয়ের চরিত্রে বিলীন করেছেন। সিনেমাটিতে শেক্সপিয়ারের ১১ বছর বয়সী সন্তান হ্যামনেটের অকাল মৃত্যু এবং সেই শোককে কেন্দ্র করে পরিবারের মানসিকভাবে ভেঙে পড়ার করুণ দৃশ্যগুলো হৃদয়স্পর্শীভাবে ফুটিয়ে তুলেছেন তিনি।
আইরিশ এই অভিনেত্রীর আজকের এই রাজকীয় পথচলা শুরু হয়েছিল ২০০৮ সালে। মাত্র ১৭ বছর বয়সেই জেসি বাকলি তার লক্ষ্য ও প্রতিভা দিয়ে নিজের ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছিলেন। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি সবসময়ই অভিনয়ের প্রতি তার তীব্র আকাঙ্ক্ষা এবং লড়াই করার মানসিকতার কথা প্রকাশ করেছেন।
এবারের আসরে সেরা অভিনেত্রীর মনোনয়ন তালিকায় জেসি বাকলির সঙ্গে লড়াইয়ে ছিলেন এমা স্টোন (বুগোনিয়া), কেট হাডসন (সং সাং ব্লু), রোজ বার্ন (ইফ আই হ্যাড লেগস আইড কিক ইউ) এবং রেনেট রিন্সভ (সেন্টিমেন্টাল ভ্যালু)। তবে অভিনয় শৈলী আর পুরস্কার মৌসুমের টানা সাফল্যের ধারাবাহিকতায় শেষ হাসি হাসলেন জেসি বাকলিই।

বিনোদন ডেস্ক