অস্কারে সেরা সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’, পরিচালক অ্যান্ডারসন
বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের শ্রেষ্ঠত্বের মুকুট জয় করেছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত ডার্ক কমেডি অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’।
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত জমকালো এই অনুষ্ঠানে সিনেমাটি আসরের সর্বোচ্চ ছয়টি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে। আর সেরা পরিচালকের খেতাব পেয়েছেন পল টমাস অ্যান্ডারসন।
রোববার (১৫ মার্চ) রাতে (বাংলাদেশ সময় সোমবার ভোর) লস অ্যাঞ্জেলেসে বসে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের চূড়ান্ত আসর। সেখানে ৯৮তম অস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। উপস্থাপক-কমেডিয়ান কোনান ও’ব্রায়েন বিজয়ীদের নাম ঘোষণা শুরু করেন।
১৯৯০ সালে প্রকাশিত টমাস পিনচনের উপন্যাস ‘ভাইনল্যান্ড’ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমাটি বানিয়েছেন পল টমাস অ্যান্ডারসন। যার সঙ্গে এ সময়ের যুক্তরাষ্ট্রের বাস্তবতার মিল পাওয়া যায়।
বিপ্লব, অভিবাসন, দুর্নীতি, সংঘর্ষ, শ্বেতাঙ্গদের আধিপত্য-এসবই উঠে এসেছে এখানে। তবে বিষয় গুরুগম্ভীর হলেও বিনোদনের মেজাজে সিনেমাটি বানিয়েছেন টমাস অ্যান্ডারসন। এর আগে সিনেমাটির জন্য সেরা নির্মাতার পুরস্কারও পেয়েছেন তিনি।
আলোচনায় ছিল ১০ সিনেমা
৯৮তম অস্কার আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কারের জন্য লড়াই করেছে ১০টি সিনেমা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় ছিল ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবং ‘সিনার্স’। প্রথমটিতে অভিনয় করেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও আর দ্বিতীয়টিতে রায়ান কুগলার।
সেরা সিনেমার আসল লড়াই এই দুই সিনেমার মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে বলে ধারণা করছিলেন চলচ্চিত্র বিশ্লেষকরা।
পরিচালক পল থমাস অ্যান্ডারসন নির্মিত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমাটি ব্রিটিশ একাডেমি ও পরিচালক সমিতির মতো গুরুত্বপূর্ণ পুরস্কার জিতে শক্ত অবস্থান তৈরি করেছিল।
অন্যদিকে, ভ্যাম্পায়ার ও সামাজিক বৈষম্যের গল্প নিয়ে তৈরি ‘সিনার্স’ বক্স অফিসে সাফল্যের পাশাপাশি সমালোচকদের প্রশংসাও পেয়েছে।
মনোনয়ন তালিকায় আরও ছিল বড় বাজেটের সিনেমা এফ ওয়ান দ্য মুভি, যেখানে অভিনয় করেছেন ব্র্যাড পিট। ফর্মুলা ওয়ান রেসিংকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমা বিশ্বজুড়ে বিপুল আয় করে অস্কারের দৌড়ে জায়গা করে নেয়।
এ ছাড়া অস্কারজয়ী পরিচালক ক্লোয়ি ঝাও নির্মিত হ্যামনেট এবং ইয়োর্গস লান্থিমোস-এর বিজ্ঞানভিত্তিক থ্রিলার বুগোনিয়া নিয়েও ছিল আলোচনা।
তালিকায় আরও ছিল গুইলারমো দেল তোরো-এর পিরিয়ড হরর ফ্রাঙ্কেনস্টাইন এবং টিমোথি শ্যালামে অভিনীত জীবনীভিত্তিক সিনেমা মার্টি সুপ্রিম। আন্তর্জাতিক সিনেমা থেকেও জায়গা করে নেয় ব্রাজিলের থ্রিলার দ্য সিক্রেট এজেন্ট এবং নির্মাতা জোয়াকিম ট্রিয়ার–এর সেন্টিমেন্টাল ভ্যালু। চমক হিসেবে ছিল স্বল্প বাজেটের সিনেমা ট্রেন ড্রিমস।
শেষ পর্যন্ত সবাইকে পেছনে ফেলে বহুল প্রতীক্ষিত সেরা সিনেমার সোনালি ট্রফি জিতে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। একই সঙ্গে সিনোমার পরিচালক পল টমাস অ্যান্ডারসন কুড়ান সেরা পরিচালকের খেতাব।

বিনোদন ডেস্ক