ফের জীবনের গানে রোমান্টিক শাকিব
পর্দায় শাকিব খান আর নেপথ্যে রবিউল ইসলাম জীবনের গীতিকবিতা; যতবার এ ঘটনা ঘটেছে, ততবারই অপূর্ব সব গানের দেখা পেয়েছে দর্শক-শ্রোতারা। সেই ‘সম্রাট’-এর ‘সারা রাতভর’ থেকে শুরু করে ‘কেন আজকাল’, ‘মন তোকে ছাড়া বোঝে না রে’, ‘আমার মতন কে আছে বলো’ কিংবা গত বছর ‘তুফান’-এ ‘আসবে আমার দিন’ অথবা ‘তাণ্ডব’-এর গান ‘খবর দে’, শাকিব-জীবন মানেই যেন হিট।
সেই ধারাবাহিকতায় আবারও হাজির সফল এই নায়ক-গীতিকারদ্বয়। গতকাল বৃহস্পতিবার ঈদের সিনেমা ‘প্রিন্স’-এর রোমান্টিক গান ‘পরী’ প্রকাশিত হয়েছে। এর কথা লিখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকার রবিউল ইসলাম জীবন, আর পর্দায় পশ্চিমবঙ্গের অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডুকে নিয়ে রোমান্সে মেতেছেন শাকিব খান। গানটি গেয়েছেন ইমরান মাহমুদুল ও সোমনুর মনির কোনাল। সুর-সংগীত ইমরানের।
প্রকাশের পর থেকেই দারুণ সাড়া পাচ্ছে গানটি। অনেকে বলছেন, এই ঈদের সবচেয়ে সুন্দর রোমান্টিক গান এটি। কথার সঙ্গে সুর-সংগীতের মিশেল, সঙ্গে ইমরান-কোনালের গায়কী আর পর্দায় শাকিব-জ্যোতির্ময়ীর রসায়নে ‘পরী’তে মুগ্ধ হচ্ছেন দর্শক শ্রোতারা।
গানটি নিয়ে জীবন বলেন, ‘শাকিব খানের সিনেমাতে বেশ কিছু রোমান্টিক গান লিখেছি। প্রায় সবগুলোই হয়েছে শ্রোতাপ্রিয়। মাঝে ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এ ভিন্ন ধাঁচের দুটি গান লিখেছিলাম। সেগুলোও ভালো সাড়া পেয়েছে। তবে রোমান্টিক গানের আবেদন তো আলাদা। সেই আমেজ আবার ফিরল এই গানে। আমার বিশ্বাস, আগের গানগুলোর মতো এটিও শ্রোতাদের মনে জায়গা করে নেবে।’
প্রসঙ্গত, আবু হায়াত মাহমুদ পরিচালিত 'প্রিন্স'-এ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মেগাস্টার শাকিব খান। তার নায়িকা কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু।
এ ছাড়াও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, ডা. এজাজ, শরীফ সিরাজ, দিব্যেন্দু ভট্টাচার্যসহ অনেকে। ঈদের দিন থেকে ছবিটি চলবে দেশজুড়ে।

বিনোদন ডেস্ক