তামিলনাড়ুর নতুন ‘কিংমেকার’ কি থালাপতি বিজয়?
তামিলনাড়ু বিধানসভা নির্বাচন শেষ হতেই এখন সবার নজর বুথফেরত জরিপের দিকে। আর এই জরিপেই সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত হয়েছেন দক্ষিণী সিনেতারকা থালাপতি বিজয়।
রাজনীতিতে পা রেখেই নিজের দল ‘তামিলাগা ভেট্টরি কাজাগাম’ (টিভিকে) নিয়ে বড় সাফল্যের আভাস দিচ্ছেন তিনি। গত বুধবার সন্ধ্যায় প্রকাশিত বিভিন্ন সংস্থার জরিপ বলছে, প্রথম নির্বাচনেই ভোটের বন্যায় ভাসতে যাচ্ছেন এই অভিনেতা। আগামী ৪ মে নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
যদিও বিজয়ের দলের সরাসরি ক্ষমতায় আসার সম্ভাবনা ক্ষীণ, তবে রাজ্যের প্রথাগত দ্বিমুখী রাজনীতির সমীকরণ তিনি পুরোপুরি বদলে দিয়েছেন। বিভিন্ন জরিপের গড় বা ‘পোল অব পোলস’ অনুযায়ী, টিভিকে ১৩ থেকে ১৯টি আসন পেতে পারে। তবে ‘ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া’র মতো কোনো কোনো সংস্থা বলছে, বিজয়ের দল ৯৮ থেকে ১২০টি আসন পর্যন্ত পেতে পারে। ফলে ধারণা করা হচ্ছে, সরকার গঠনের ক্ষেত্রে বিজয় ‘কিংমেকার’ বা মূল চাবিকাঠি হয়ে উঠতে পারেন।
জরিপ বিশ্লেষণে দেখা গেছে, বিজয়ের ব্যক্তিগত জনপ্রিয়তা বিশেষ করে তরুণ ও শহরাঞ্চলের ভোটারদের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছে। টিভিকে মূলত প্রধান বিরোধী জোট এআইএডিএমকে-র ভোট ব্যাংকে ভাগ বসাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে ডিএমকে নেতৃত্বাধীন জোট ১৩৭ থেকে ১৫০টি আসন পেয়ে এগিয়ে থাকলেও, পালানিস্বামীর দল ১২৪ থেকে ১৪৭টি আসন পেয়ে ক্ষমতায় ফিরতে পারে বলেও কোনো কোনো জরিপে আভাস দেওয়া হয়েছে।
দুর্নীতি বিরোধী বার্তা এবং তরুণদের ক্ষমতায়নের ওপর ভিত্তি করে চালানো বিজয়ের হাই-ভোল্টেজ প্রচারণা তামিলনাড়ুর দীর্ঘদিনের রাজনৈতিক মেরুকরণকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। নির্বাচনের চূড়ান্ত ফলাফল যাই হোক না কেন, বিজয়ের এই রাজনৈতিক অভিষেক তামিলনাড়ুর ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। চলচ্চিত্র জগত থেকে এসে তিনি কি শেষ পর্যন্ত ক্ষমতার সিংহাসন স্পর্শ করতে পারবেন, নাকি শক্তিশালী বিরোধী দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন তা জানতে এখন শুধু আনুষ্ঠানিক ফলাফলের অপেক্ষা।

বিনোদন ডেস্ক