পিছিয়ে গেল ‘টক্সিক’, আর সিনেমা করবেন না ইয়াশ?
দীর্ঘদিন ধরেই বড় পর্দা থেকে অনুপস্থিত কন্নড় সুপারস্টার ইয়াশ। এর মধ্যেই তার বহুল আলোচিত নতুন কাজ ‘টক্সিক : এ ফেইরি টেল ফর গ্রোন-আপস’-এর ঝলক প্রকাশ পেলেও মুক্তি আপাতত স্থগিত রাখা হয়েছে। কবে এটি মুক্তি পাবে, সে বিষয়েও এখনো কোনো চূড়ান্ত ঘোষণা আসেনি।
২০২২ সালে ‘কেজিএফ : চ্যাপ্টার টু’-এর সাফল্যের পর থেকেই ভক্তরা অপেক্ষা করছেন ইয়াশ নতুন কাজের জন্য। দীর্ঘ এই বিরতিতে কিছুটা হতাশাও তৈরি হয়েছে দর্শকদের মধ্যে।
এর মধ্যেই নতুন করে শোনা যাচ্ছে, চলতি বছরে তার আসন্ন কাজগুলো মুক্তির পর বিরতিতে যেতে পারেন এই অভিনেতা। সম্প্রতি সাংবাদিকদের প্রশ্নের জবাবে যশ বলেন, তিনি আপাতত বিরতির দিকেই ঝুঁকছেন। একনাগাড়ে দুটি কাজের ব্যস্ততা এবং নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগোতে সময় ও একাগ্রতার প্রয়োজন—এ কথাও উল্লেখ করেন তিনি।
ইয়াশ জানান, নিজের কাজকে বিশ্বমঞ্চে তুলে ধরার পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, যা তার জন্য চ্যালেঞ্জিং। পর্দায় নিয়মিত দেখা না গেলেও এই সময়টা তিনি প্রস্তুতির মধ্যেই কাটিয়েছেন।
‘টক্সিক’ পরিচালনা করছেন গীতু মোহনদাস। এতে ইয়াশের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি ও রুক্মিণী বসন্ত।
অন্যদিকে, নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’-এও দেখা যাবে যশকে। দুই পর্বে নির্মিত এই কাজের প্রথম অংশ ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় অংশ ২০২৭ সালের দীপাবলিতে মুক্তির পরিকল্পনা রয়েছে। এতে আরও অভিনয় করছেন রণবীর কাপুর, সাই পল্লবী ও সানি দেওল।

বিনোদন ডেস্ক