‘আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না’
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ফলাফলের পর সামাজিক যোগাযোগমাধ্যমে টলিউড তারকাদের অবস্থান নিয়ে নেটিজেনদের আলোচনা তুঙ্গে। এরই মাঝে বেশ কয়েকজন টলিউড তারকাও নিজেদের মতো করে ভোটের ফলাফল নিয়ে নানাবিধ পোস্ট করেছেন।
কারও পোস্ট উস্টে দিয়েছে বিতর্কও। কেউ আবার তৃণমূলের হারে ব্যাঙ্গ করতে ছাড়েননি। ঠিক এই আবহেই গতকাল মঙ্গলবার বিকেলে হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ পোস্ট টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। আর সেই পোস্টে, প্রসেনজিৎ স্পষ্ট জানালেন, তার সঙ্গে রাজনীতির কোনো যোগসূত্র নেই।
ফেসবুক পোস্টে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, ‘আমি বহু বছর ধরে অত্যন্ত সম্মানের সঙ্গে অভিনয় করে আসছি এবং আগামী দিনেও ঠিক একইভাবে কাজ করে যেতে চাই। আপনাদের সকলের কাছে আমার একটাই বিনীত অনুরোধ—দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না।
এ বিষয়ে আরও স্পষ্ট করে তিনি লেখেন, ‘আমি কাউকে ফোন করিনি, বরং আমার ছোট ভাই ফোন করেছিল আমাকে। বড় দাদা হিসেবে কাউকে আশীর্বাদ করা আমার কর্তব্য, আর আমি কেবল সেইটুকুই পালন করেছি। এর সঙ্গে রাজনীতির কোনো যোগসূত্র নেই।’
নায়কের এই পোস্ট সামনে আসার পরই নেটিজেনরা নানা মন্তব্যে ভরে দিয়েছেন। একজন লেখেন, ‘এখন এটা না বললে কপালে অনেক কষ্ট আছে এটা কাকা বুঝে গিয়েছে ভালো করে।’
আর একজন লেখেন, ‘দয়া করে টিমটিম করে জ্বলতে থাকা টলিউড ইন্ডাস্ট্রিকে সংসদীয় রাজনীতি থেকে মুক্ত রাখুন।’
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হাওড়া দক্ষিণ কেন্দ্র থেকে রুদ্রনীল ঘোষের জয়ের পর তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছিলেন টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গণমাধ্যমের বরাতে ছড়িয়ে পড়া ফোন কলটি ঘিরেই টলিপাড়ায় শুরু হয়েছে তীব্র জল্পনা-কল্পনা। তবে সেই জল্পনায় জল ঢেলে প্রসেনজিৎ স্পষ্ট জানিয়ে দিলেন, এই শুভেচ্ছার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ফোন কলটিও তার পক্ষ থেকে যায়নি।

বিনোদন ডেস্ক