মুখ্যমন্ত্রী হতে আর বাধা নেই বিজয়ের, এবার কি প্রেমিকাকে বিয়ে করছেন?
নানা নাটকীয়তার পর অবশেষে সংখ্যার জটিলতা কাটিয়ে সরকার গঠনের পথে এগোলেন দক্ষিণী অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়। শনিবার (৯ মে) তার দল টিভিকেকে নিঃশর্ত সমর্থন দিয়েছে বিদুথালাই চিরুথাইগাল কাচ্চি (ভিসিকে)। দলটির দুই বিধায়কের সমর্থনে এখন ‘ম্যাজিক নাম্বার’ ১১৮-এ পৌঁছে গেছে বিজয়ের শিবির। খবর এনডিটিভি।
রাজনৈতিক এই সুখবরের মাঝেই শোবিজ অঙ্গনে নতুন করে ছড়িয়েছে বিজয়ের ব্যক্তিজীবন নিয়ে গুঞ্জন। ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের দাবি, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার পর অভিনেত্রী তৃষা কৃষ্ণান-কে বিয়ে করতে পারেন তিনি।
গুঞ্জনের পেছনে কয়েকটি বিষয়কে সামনে আনছে ভারতীয় গণমাধ্যম। নির্বাচনে জয়ের পর বিজয়ের বাড়িতে তৃষার উপস্থিতি, অভিনেত্রীর সঙ্গে বিজয়ের পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক এবং দীর্ঘ ২৬ বছরের দাম্পত্য জীবনের ভাঙনের খবর— সব মিলিয়ে জল্পনা আরও বেড়েছে।
খবরে বলা হচ্ছে, আগামী ১৫ জুন আদালতে প্রায় ২৫০ কোটি রুপি ভরণপোষণ দিয়ে প্রথম স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম-এর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ সম্পন্ন করতে পারেন বিজয়। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি অভিনেতা।
১৯৯৯ সালে সংগীতাকে বিয়ে করেন বিজয়। তাদের সংসারে রয়েছে দুই সন্তান। তবে গত কয়েক বছর ধরেই তাদের বিচ্ছেদের গুঞ্জন চলছিল। ভারতীয় কিছু সংবাদমাধ্যমের দাবি, তৃষা কৃষ্ণানের সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতাই দাম্পত্য সম্পর্কে দূরত্ব তৈরি করেছে।
সম্প্রতি চেন্নাইয়ে এক বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানে একই রঙের পোশাকে একসঙ্গে হাজির হন বিজয় ও তৃষা। এরপর বিভিন্ন অনুষ্ঠানেও তাদের একসঙ্গে দেখা গেছে। আর সেখান থেকেই নতুন করে জোরালো হয়েছে এই আলোচিত জুটির বিয়ের গুঞ্জন।

বিনোদন ডেস্ক