আমিরের তৃতীয় বিয়েতে কি উপস্থিত থাকবেন শাহরুখ-সালমান?
বলিউড তারকা আমির খান আবারও ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায়। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। আগামী ৫ জুলাই ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে বলে জানিয়েছেন অভিনেতা।
ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিকলকে দেওয়া এক সাক্ষাৎকারে আমির বলেন, ‘খুবই সাধারণভাবে বিয়ের আয়োজন করা হবে। বাসাতেই অনুষ্ঠান হবে। শুধু দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন। আমরা দুজনই বিষয়টিকে খুব সাধারণ রাখতে চাই।’
তবে অনুষ্ঠানে কারা আমন্ত্রিত থাকবেন, সে বিষয়ে এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। ফলে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানসহ আমিরের ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতি নিয়ে জল্পনা শুরু হয়েছে ভক্তদের মধ্যে।
সম্প্রতি ভ্যারাইটি ইন্ডিয়াকে দেওয়া আরেক সাক্ষাৎকারে গৌরীর সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন আমির। তিনি জানান, দুজনই এখন তাদের সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যেতে প্রস্তুত।
আমির বলেন, ‘হ্যাঁ, বিষয়টি সত্যি। আমরা দুজনই মনে করছি, আমাদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার সময় এসেছে।’
গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুতে বসবাস করেন এবং ওয়েলনেস ও বিউটি খাতের সঙ্গে যুক্ত। তিনি ব্রিটিশ বংশোদ্ভূত লেখক ও চিন্তাবিদ ফিলিপ স্প্র্যাটের নাতনি। গৌরীর আগের সংসারে এক ছেলে সন্তান রয়েছে।
এটি হবে আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে তিনি রিনা দত্তকে বিয়ে করেছিলেন। সেই সংসারে তাদের দুই সন্তান জুনায়েদ খান ও ইরা খান। পরে তাদের বিচ্ছেদ হয়।
এরপর আমির বিয়ে করেন কিরণ রাওকে। ১৬ বছরের দাম্পত্য জীবনের পর তারা আলাদা হওয়ার ঘোষণা দিলেও ছেলে আজাদ রাও খানের দায়িত্ব এখনও যৌথভাবেই পালন করছেন।
কাজের ক্ষেত্রে সবশেষে আমিরকে দেখা গেছে ‘সিতারে জামিন পার’-এ। অন্যদিকে, বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, শিগগিরই ‘থ্রি ইডিয়টস’-এর সম্ভাব্য সিকুয়েলেও দেখা যেতে পারে এই অভিনেতাকে।

বিনোদন ডেস্ক