শাকিব খানের সঙ্গে অ্যাকশনে এবিএম সুমন
থাইল্যান্ডে শেষ ধাপের শুটিংয়ের মধ্যেই নতুন চমকের খবর দিল ‘সোলজার’ টিম। শাকিব খান অভিনীত আলোচিত এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অভিনেতা এবিএম সুমনকে।
শুরু থেকেই সিনেমাটির শিল্পী তালিকা নিয়ে নির্মাতারা রেখেছেন গোপনীয়তা। শাকিব খান, তানজিন তিশা ও জান্নাতুল ফেরদৌস ঐশীর নাম জানা গেলেও বাকি চরিত্রগুলো সম্পর্কে তেমন তথ্য প্রকাশ করা হয়নি। সেই রহস্যের পর্দা খানিকটা সরিয়ে এবার জানা গেল, ‘সোলজার’-এর একটি বিশেষ চরিত্রে রয়েছেন এবিএম সুমন।
নির্মাতা সাকিব ফাহাদ জানিয়েছেন, গল্পের গুরুত্বপূর্ণ এক পর্যায়ে দেখা যাবে সুমনকে। তাঁর উপস্থিতি সিনেমার ঘটনাপ্রবাহে আলাদা মাত্রা যোগ করবে।
জানা গেছে, থাইল্যান্ডে ধারণ করা বেশ কয়েকটি অ্যাকশন দৃশ্যে শাকিব খানের সঙ্গে কাজ করেছেন সুমন। এসব দৃশ্যের লুক আরও বাস্তবসম্মত করতে মুম্বাই থেকে আনা হয়েছে মেকআপ শিল্পী অমিত আম্বারকরকে।
তবে নিজের চরিত্র নিয়ে মুখ খুলতে নারাজ সুমন। শুধু বলেছেন, ‘এটি একটি ক্যামিও চরিত্র। এর বেশি কিছু বলার সুযোগ নেই। শুধু বলতে পারি, সোলজারে আমি আছি।’
গত বছরের অক্টোবরে শুরু হয় ‘সোলজার’-এর শুটিং। ঘোষণার সময় প্রকাশিত মোশন ভিডিওতে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে এক সাধারণ মানুষের লড়াইয়ের গল্পের আভাস দেওয়া হয়েছিল। ভিডিওটির শেষ মুহূর্তে শাকিব খানের কণ্ঠে শোনা যায়, ‘তোমার জন্য দেশ, নাকি দেশের জন্য তুমি।’
সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান ও তৌকীর আহমেদ। নির্মাতাদের আশা, চলতি বছরের মধ্যেই দর্শকদের সামনে আসবে ‘সোলজার’।

বিনোদন ডেস্ক