ঘাড়ে অসহনীয় যন্ত্রণা, অসুস্থতা নিয়ে কী বললেন সোনু নিগম
মঞ্চে গান গেয়ে লাখ লাখ শ্রোতার মন জয় করেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী সোনু নিগম। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যক্তিগতভাবে এক কঠিন শারীরিক সমস্যার সঙ্গে লড়াই করতে হয়েছে এই শিল্পীকে। গত কয়েক সপ্তাহ ধরে তীব্র স্নায়ুজনিত ব্যথায় ভুগছিলেন তিনি। এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে মাথা সামান্য নাড়ালেও ঘাড়ে অসহনীয় যন্ত্রণা অনুভব করতেন।
সম্প্রতি এক ভিডিওবার্তায় নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরেন সোনু নিগম। তিনি জানান, সমস্যার প্রকৃতি বোঝার জন্য তাকে একাধিক মেডিকেল পরীক্ষা, এমনকি এমআরআই ও সিটি স্ক্যানও করাতে হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হয়তো ভুল ভঙ্গিতে ব্যায়াম করা বা দীর্ঘ সময় একই অবস্থায় ঘুমিয়ে থাকার কারণেই স্নায়ুতে চাপ সৃষ্টি হয়েছিল।
সোনু বলেন, ‘আমার স্নায়ুগুলো যেন চিমটি কাটছে, এত যন্ত্রণা হচ্ছে। এমআরআই আর সিটি স্ক্যান করিয়েছি। অনেক ওষুধও খাচ্ছি।’ সেই সময় কাঁধের একটি ব্যান্ডেজ দেখিয়ে সোনু তার পরিস্থিতির কথা জানান।
গায়ক জানান, অসুস্থতার কারণে তাকে প্রায় সার্বক্ষণিক চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতে হচ্ছে। চিকিৎসার অংশ হিসেবে চলেছে ফিজিওথেরাপি ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা। তবে শুরুতে এসব চিকিৎসায় কাঙ্ক্ষিত ফল মিলছিল না। বরং গত গত ২০ দিনে সপ্তাহে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে।
সোনুর ধারণা, শরীরচর্চার সময় অথবা একদিকে দীর্ঘক্ষণ শুয়ে থাকার কারণে স্নায়ুতে টান লেগে থাকতে পারে। এর ফলে ব্যথা ক্রমেই বাড়তে থাকে। একপর্যায়ে মাথা কিংবা কাঁধ ঘোরানোও তার জন্য অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে।
এর মধ্যেই দিল্লিতে একটি অনুষ্ঠানে যান সোনু। সেখানে গিয়ে ‘চালবাজ’ সিনেমার পরিচালক পঙ্কজ পরাশরের সঙ্গে দেখা হয়। তিনি সোনুর সঙ্গে এমন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে পরিচয় করিয়ে দেন, যিনি দেশের ক্রিকেটতারকাদের চিকিৎসা দিয়ে থাকেন।
সোনু জানান, ওই চিকিৎসক দ্রুত চিকিৎসা শুরু করেন। প্রতিদিন দুই বার আড়াই ঘণ্টা করে চিকিৎসা দেন। সেই চিকিৎসার ফলেই অবশেষে নিজের পায়ে সোজা হয়ে দাঁড়াতে পারছেন তিনি। গায়ক জানান, এখন তিনি একেবারে সুস্থ এবং খুব শীঘ্রই মুম্বাই ফিরে আসবেন।
দীর্ঘদিনের শারীরিক কষ্ট কাটিয়ে সুস্থতার পথে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন সোনু। তার এই সুস্থতার খবরে আনন্দিত ভক্তরা-অনুরাগীরাও।

বিনোদন ডেস্ক