ব্রাজিলের পরাজয়ে মেহজাবীনের ট্রল, নেটদুনিয়ায় ভাইরাল
২০২৬ ফিফা বিশ্বকাপে ব্রাজিলের বিদায় যেন আলাদাভাবে উদযাপন করলেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। আর্জেন্টিনার কট্টর সমর্থক হিসেবে পরিচিত এই তারকা যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বসেই ব্রাজিল-নরওয়ে ম্যাচ উপভোগ করেন। ম্যাচজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রাজিলকে খোঁচা দিয়ে একের পর এক পোস্ট করার পাশাপাশি শেষ বাঁশি বাজার পর উচ্ছ্বাসও প্রকাশ করেন তিনি।
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আর সেই পরাজয়ের মুহূর্তগুলো গ্যালারি থেকেই উপভোগ করেন মেহজাবীন।
ম্যাচ চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেন অভিনেত্রী। গ্যালারি থেকে তোলা একটি ছবির ক্যাপশনে রসিকতার ছলে লেখেন, ‘ব্রাজিলকে দু-একটা ফুটবলের টিপস দিতে এলাম। আমি কিন্তু আর্জেন্টিনা।’
স্টেডিয়ামে লাল টপস ও সবুজ স্কার্টে দেখা যায় মেহজাবীনকে। এ সময় তার হাতে ছিল বাংলাদেশের জাতীয় পতাকাও।
ম্যাচ চলাকালে ভক্তদের উদ্দেশে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘তোমার ফোনের চার্জ যত পার্সেন্ট মানে ব্রাজিলের হারার চান্স! কমেন্ট দ্য পার্সেন্টেজ।’
ম্যাচ শেষ হওয়ার পর ব্রাজিলের বিদায় নিশ্চিত হলে গ্যালারিতে হাত উঁচিয়ে উল্লাস প্রকাশ করেন এই অভিনেত্রী। পরে স্টেডিয়ামের বড় পর্দায় নরওয়ের জয় এবং ব্রাজিলের বিদায়ের দৃশ্য পেছনে রেখে ধারণ করা একটি ভিডিও ফেসবুকে পোস্ট করে সংক্ষিপ্ত ক্যাপশনে মেহজাবীন লেখেন, ‘বাই বাই ব্রাজিল।’
মেহজাবীনের এসব পোস্ট ও উদযাপনের ভিডিও দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আর্জেন্টিনা ও ব্রাজিল—দুই দলের সমর্থকদের মধ্যেই বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা।
প্রসঙ্গত, মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই হাইভোল্টেজ ম্যাচে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ২-১ গোলে স্তব্ধ করে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে নরওয়ে।

বিনোদন ডেস্ক