মেলবোর্নের উৎসবে বাংলাদেশের তিন সিনেমা
অস্ট্রেলিয়ার মর্যাদাপূর্ণ ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন’-এর ১৭তম আসরে একসঙ্গে জায়গা করে নিয়েছে বাংলাদেশের তিনটি চলচ্চিত্র। আগামী ১৩ থেকে ২৩ আগস্ট অনুষ্ঠিতব্য এই উৎসবে ৩১টি ভাষার ৭৫টির বেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে বলে জানা গেছে।
নির্বাচিত সিনেমাগুলো হলো—মেজবাউর রহমান সুমনের ‘রইদ’, মোহাম্মদ তাওকীর ইসলামের ‘দিলুপি’ এবং মাহদে হাসানের ‘বালুর নগরীতে’। উৎসবের ‘বেস্ট ফিল্ম ফ্রম দ্য সাবকন্টিনেন্ট’ বিভাগে এই তিনটি সিনেমা প্রতিযোগিতা করবে।
এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে নেপালের ‘এক মুঠি বাদল’ ও ‘গুডবাই সিস্টারস’, আফগানিস্তানের ‘ইন দ্য রুম’ ও ‘নো গুড মেন’ এবং শ্রীলঙ্কার ‘স্পায়িং স্টারস’। তবে এই বিভাগে সর্বোচ্চ সংখ্যক সিনেমা স্থান পেয়েছে বাংলাদেশ থেকে, যা দেশের চলচ্চিত্র অঙ্গনের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এদিকে আজ অনুষ্ঠিত হবে উৎসবটির বিশেষ অনুষ্ঠান। তাতে বলিউডের কালজয়ী সিনেমা ‘লগান’-এর ২৫ বছর পূর্তি উদযাপন করা হবে। এতে অংশ নেবেন সিনেমার অভিনেতা ও প্রযোজক আমির খান। এরই মধ্যে তিনি মেলবোর্নে হাজির হয়েছেন। সঙ্গে থাকছেন তার সদ্য বিবাহিত স্ত্রী গৌরি স্প্র্যাটও।
প্রসঙ্গত, এর আগেও একটি উৎসবে একসঙ্গে বাংলাদেশের তিনটি ছবি অংশ নেয়ার ঘটনা ঘটেছে। এ বছরের শুরুতে বিখ্যাত রটারড্যাম উৎসবে ‘রইদ’ ও ‘দেলুপি’র সঙ্গে অংশ নেয় রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’। এটি উৎসবের বিগ স্ক্রিন বিভাগে সেরা সিনেমার পুরস্কার জিতে ইতিহাস গড়েছিল।

বিনোদন ডেস্ক