আংটি বদলের গুঞ্জন তুঙ্গে, নতুন ছবি প্রকাশ করলেন পূজা
সামাজিক যোগাযোগ মাধ্যম ও শোবিজ অঙ্গনে যখন পূজার গোপন বাগদানের গুঞ্জন ঘিরে নানা আলোচনা তুঙ্গে, ঠিক তখনই নতুন কিছু ছবি প্রকাশ করে আবারও খবরের শিরোনামে এলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ সতেজ ও প্রাণবন্ত ছবি শেয়ার করেছেন পূজা। ছবিগুলোতে দেখা যায়, প্রকৃতির সবুজ পরিবেশে সাদা রঙের ওপর সবুজ-নীল নকশার সালোয়ার-কামিজে সেজেছেন তিনি। খোলা চুল আর হাস্যোজ্জ্বল উপস্থিতিতে ধরা দেওয়া এই অভিনেত্রীর রূপ যেন আরও খুলেছে। ছবিগুলোর ক্যাপশনে পূজা লিখেছেন, ‘বিকামিং আ বেটার ভার্সন অব মাইসেলফ, ওয়ান স্মাইল অ্যাট আ টাইম।’ অর্থাৎ, প্রতিটি হাসির মধ্য দিয়ে নিজেকে আরও ভালো মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করছেন তিনি।
তবে ভক্তদের নজর কেড়েছে তার এই পোস্টের পেছনের সাম্প্রতিক গুঞ্জন। শোবিজ পাড়ায় এখন জোর গুঞ্জন চলছে, প্রায় দুই বছর আগেই অর্থাৎ ২০২৪ সালে নীরবে বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী। কিছুদিন আগে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি রহস্যময় স্টোরি শেয়ার করার পর থেকেই ভক্তদের মনে নানা জল্পনা-কল্পনার ডালপালা গজাতে শুরু করে।
বিনোদন জগতের একাধিক সূত্রে জানা গেছে, ২০২৪ সালে এক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকের সঙ্গে আংটি বদল করেছেন পূজা। এর আগে এক সাক্ষাৎকারে পূজা চেরি নিজেই স্বীকার করেছিলেন যে তিনি 'এনগেজড' বা বাগদত্তা। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান। তবে সে সময়ও বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি তিনি।
ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করা এই অভিনেত্রী মার্কিন প্রবাসীর সঙ্গে তার এই কথিত বাগদানের বিষয়ে এখনো পুরোপুরি নীরব রয়েছেন। পূজা কিংবা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। শোবিজের অনেকের ধারণা, ব্যক্তিগত সম্পর্ককে আলোচনার বাইরে রাখতেই বিষয়টি গোপন রাখছেন পূজা। তবে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত, 'কে সেই সৌভাগ্যবান?' এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ঢালিউড ভক্তদের মনে।

বিনোদন ডেস্ক