নার্গিস এ খানমের নতুন গান ‘ভুল’
দীর্ঘ বিরতির পর আবারও মৌলিক গান নিয়ে ফিরেছেন কণ্ঠশিল্পী নার্গিস এ খানম। নিজের ইউটিউব চ্যানেল ‘ভয়েস অফ নার্গিস’ থেকে প্রকাশ করেছেন নতুন স্যাড-রোমান্টিক গান ‘ভুল’।
একসময় ‘নিশ্চুপ রুপালী রাতে’, ‘মেহেদী রাত’, ‘রাধা’, ‘তোর এক লা পথে’ ও ‘দিওয়ানা’র মতো গান দিয়ে শ্রোতাদের নজর কেড়েছিলেন নার্গিস। স্বতন্ত্র গায়কী ও বৈচিত্র্যময় পরিবেশনার পাশাপাশি ‘পিরিত রতন’, ‘এই যে দুনিয়ায়’, ‘নীলা বালি’ ও ‘খাঁজা তোমার প্রেমে’র মতো কভার গানও তাঁকে আলাদা পরিচিতি এনে দেয়।
গানকে জীবনের প্রধান অনুষঙ্গ হিসেবে বেছে নিয়ে দেশ-বিদেশে নিয়মিত স্টেজ শো ও টেলিভিশন অনুষ্ঠানে গান করেছেন তিনি। তবে পারিবারিক কারণে মাঝে সংগীত থেকে বিরতিতে ছিলেন এই শিল্পী। এবার নতুন উদ্যমে আবারও সরব হয়েছেন গানের জগতে।
‘ভুল’ গানটির কথা লিখেছেন কাজল শেখ। সুর ও সংগীত পরিচালনা করেছেন ইফতেখারুল লেনিন। প্রেম, অভিমান ও সম্পর্কের সূক্ষ্ম আবেগকে কেন্দ্র করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন। এতে মডেল হিসেবে অভিনয় করেছেন দেব ও রিসা। ভিডিওতে নিজেও উপস্থিত হয়েছেন নার্গিস এ খানম।
নতুন গান প্রসঙ্গে নার্গিস বলেন, দীর্ঘদিন পর মৌলিক গান নিয়ে ফিরতে পেরে ভালো লাগছে। নতুন সময়কে মাথায় রেখে নিজের নামে ‘ভয়েস অফ নার্গিস’ ইউটিউব চ্যানেলও চালু করেছেন তিনি। এখন থেকে তাঁর নতুন গানগুলো এই চ্যানেলেই প্রকাশিত হবে।
‘ভুল’ গানটি নিয়ে এই শিল্পীর ভাষ্য, মানুষের জীবনে চলার পথে নানা ভুল হয়। কখনো কখনো সেই ভুল থেকেই তৈরি হয় নানা প্রশ্ন। গানটিতে সেই অনুভূতিগুলোই তুলে ধরা হয়েছে। দীর্ঘদিন পর এমন একটি গান নিয়ে শ্রোতাদের সামনে আসতে পেরে তিনি উচ্ছ্বসিত।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ‘ভয়েস অফ নার্গিস’ ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটির মিউজিক ভিডিও। একই সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মেও অবমুক্ত করা হয়েছে গানটি।

বিনোদন ডেস্ক