বক্স অফিসে হতাশ করেছে ১৩০ কোটির ‘হাইওয়ান’
১৭ বছর পর পর্দায় একসঙ্গে ফিরেছেন অক্ষয় কুমার ও সাইফ আলি খান। সঙ্গে ছিলেন পরিচালক প্রিয়দর্শন। ফলে ‘হাইওয়ান’ ঘিরে প্রত্যাশা ছিল বেশ ভালোই। তবে মুক্তির পর সেই প্রত্যাশার প্রতিফলন এখনো দেখা যাচ্ছে না বক্স অফিসে। শুরুতেই দর্শক টানতে ব্যর্থ হয়েছে সিনেমাটি।
১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘হাইওয়ান’ প্রথম দিনে ভারতে প্রায় ২.৮ কোটি রুপি নেট আয় করেছে বলে জানিয়েছে বলিউড হাঙ্গামা। তাদের হিসাবে দ্বিতীয় দিন শেষে সিনেমাটির আয় দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি রুপি।
অন্যদিকে কইমই এর হিসাব অনুযায়ী, দুই দিনে সিনেমাটির ভারতীয় নেট আয় প্রায় ৫.৫ কোটি রুপি। একই সময়ে বিদেশের বাজার থেকে এসেছে প্রায় ২ কোটি রুপি, ফলে বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে আনুমানিক ৮.৫ কোটি রুপি।
সবচেয়ে বড় বিষয়, সিনেমাটির বাজেটের তুলনায় এই আয় বেশ কম। বিভিন্ন ভারতীয় প্রতিবেদনে ‘হাইওয়ান’-এর বাজেট প্রায় ১৩০ কোটি রুপি বলে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে আনুমানিক ১১৫ কোটি রুপি নির্মাণ ব্যয় এবং ১৫ কোটি রুপি প্রচার ও প্রিন্ট খাতে খরচ হয়েছে বলে দাবি করা হয়েছে।
অর্থাৎ ১৩০ কোটি রুপির বাজেটের সিনেমাটি প্রথম দুই দিনে বিশ্বব্যাপী প্রায় ৮–৯ কোটি রুপি আয় করেছে। ফলে বক্স অফিসে ছবিটির সামনে এখন বড় চ্যালেঞ্জ।
অক্ষয়-সাইফের ১৭ বছর পর পুনর্মিলনও অবশ্য সিনেমাটিকে প্রত্যাশিত উদ্বোধন এনে দিতে পারেনি। মুক্তির প্রথম দিনেই বলিউড হাঙ্গামা ছবিটির সূচনাকে ‘ডিজাস্ট্রাস’ বলে উল্লেখ করেছে।
তবে সপ্তাহান্তের বাকি দিনগুলোতে আয় বাড়লে পরিস্থিতি কিছুটা বদলাতে পারে। এখন দেখার বিষয়, দুর্বল শুরু কাটিয়ে ‘হাইওয়ান’ শেষ পর্যন্ত কতটা ঘুরে দাঁড়াতে পারে।

বিনোদন ডেস্ক