কারিনার অপূর্ণ স্বপ্ন পূরণে কাবা প্রাঙ্গণে বাবা
মেয়েকে সঙ্গে নিয়ে পবিত্র কাবা শরিফে ওমরাহ পালনের স্বপ্ন ছিল বাবা কায়সার হামিদের। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তাঁর মেয়ে, জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। প্রিয় সন্তানকে হারানোর শোক এখনো বয়ে বেড়াচ্ছেন জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ। তবে মেয়েকে ঘিরে দেখা সেই স্বপ্ন আর স্মৃতিকে তো মুছে ফেলা যায় না!
কারিনা আজ পাশে নেই, কিন্তু রয়ে গেছে তাঁর পাসপোর্ট। মেয়ের সেই স্মৃতিচিহ্নটিই সঙ্গে নিয়ে এবার পবিত্র নগরী মক্কায় ওমরাহ পালন করতে গেছেন শোকার্ত বাবা।
মেয়ে কারিনাকে নিয়ে ওমরাহ পালনের পরিকল্পনা গত বছর থেকেই করছিলেন কায়সার হামিদ। কিন্তু স্বপ্নপূরণের আগেই হঠাৎ থেমে যায় কারিনার জীবন। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে কয়েক মাস আগে চেন্নাইয়ের ভেলোর ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মেয়ের অপূর্ণ ইচ্ছাকে হৃদয়ে ধারণ করেই এবার কাবা শরিফে হাজির হয়েছেন কায়সার হামিদ। মক্কা থেকে কারিনার পাসপোর্ট হাতে একটি আবেগঘন ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি। সেখানে লিখেছেন, ‘কারিনা কায়সারকে নিয়ে আল্লাহর ঘরে আসার প্ল্যান গত বছর থেকেই করা হয়েছিল... কিন্তু সে হঠাৎ করে সবার আগেই আল্লাহর কাছে চলে গেছে।’
মেয়ের শারীরিক উপস্থিতি না থাকলেও আত্মিকভাবে কারিনা তাঁর সঙ্গেই ছিলেন—এমন বিশ্বাস বাবার। আবেগঘন সেই পোস্টে কায়সার হামিদ আরও লেখেন,‘স্বপ্নে দেখেছিলাম কারিনা আমার সাথে পবিত্র কাবা শরিফ প্রদক্ষিণ করছে। তাই আমার বিশ্বাস কারিনা আমাদের সাথেই ওমরা করেছে। তার পাসপোর্টটি সর্বক্ষণ আমাদের সাথেই ছিল।’
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণবন্ত উপস্থাপনা ও জীবনঘনিষ্ঠ কনটেন্টের মাধ্যমে তরুণদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। পরে ধীরে ধীরে নাটক ও ওটিটির জগতেও নিজের অবস্থান তৈরি করেন। অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্যকার হিসেবেও কাজ করেছেন তিনি। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

বিনোদন ডেস্ক