২০০ চিত্রনাট্য, ব্ল্যাঙ্ক চেকও ফিরিয়েছিলেন নওয়াজুদ্দিন
একটি সিনেমার সাফল্য অনেক অভিনেতার ক্যারিয়ারে নতুন দরজা খুলে দেয়। নওয়াজুদ্দিন সিদ্দিকীর ক্ষেত্রেও তেমনই ঘটেছিল অনুরাগ কাশ্যপের ‘গ্যাংস অভ ওয়াসেপুর ২’ মুক্তির পর। তবে খ্যাতির সেই সময়ে আসা অসংখ্য প্রস্তাবের ভিড়ে নিজেকে সামলেছিলেন তিনি। পছন্দসই চরিত্র না পাওয়ায় প্রায় ২০০টি চিত্রনাট্য হাতে পেয়েও কোনোটি বেছে নেননি এই অভিনেতা।
সম্প্রতি এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরেন নওয়াজুদ্দিন। জানান, সিনেমাটির প্রশংসার পর প্রযোজকেরা তার প্রতি আগ্রহ দেখাতে শুরু করেন। শুধু চিত্রনাট্য নয়, পারিশ্রমিকের অঙ্ক নিজে নির্ধারণের সুযোগও দেওয়া হয়েছিল তাকে।
নওয়াজুদ্দিন বলেন, “গ্যাংস অভ ওয়াসেপুর ২ মুক্তির পর আমি অন্তত ২০০ চিত্রনাট্য পেয়েছি। আমার টেবিলে ব্ল্যাঙ্ক চেক পড়ে থাকত। লোকে বলত, ‘এই নিন চিত্রনাট্য আর এই ব্ল্যাঙ্ক চেক। আপনি যত টাকা চান বসিয়ে নিন, আপনার ফাঁকা সময় অনুযায়ী আমাদের শিডিউল দিন।’”
এত সুযোগের পরও কেন কাজগুলো করেননি, সেটিও ব্যাখ্যা করেছেন অভিনেতা। তার কথায়, কোনো চিত্রনাট্যই তাকে আকৃষ্ট করতে পারেনি। ফলে জনপ্রিয়তার মুহূর্তে তাড়াহুড়ো করে চুক্তিবদ্ধ হওয়ার বদলে অপেক্ষা করাকেই বেছে নেন তিনি।
“আমি সেসব চিত্রনাট্যের একটিও গ্রহণ করিনি, কারণ কোনোটিই আমার পছন্দ হয়নি। সিদ্ধান্ত নিয়েছিলাম সঠিক চিত্রনাট্যের জন্য অপেক্ষা করব। বছরের পর বছর কাজের জন্য অপেক্ষা করার অভ্যাস আমার আগে থেকেই ছিল। তাই আমি ভেবেছিলাম, তাড়াহুড়ো করে কোনো চুক্তি স্বাক্ষর করার চেয়ে বরং আরও দুই-তিন বছর অপেক্ষা করাই ভালো”—বলেন নওয়াজুদ্দিন।
তবে সেই অপেক্ষা খুব দীর্ঘ হয়নি বলেও জানান তিনি। পরবর্তী সময়ে আবারও কাজের সুযোগ আসতে শুরু করে তার কাছে।
২০১২ সালে মুক্তি পাওয়া ‘গ্যাংস অভ ওয়াসেপুর ২’-এ ফয়জল খান চরিত্রে অভিনয় করেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। সিনেমার শুরুতে চরিত্রটিকে উদাসীন ও লক্ষ্যহীন হিসেবে দেখা গেলেও ব্যক্তিগত ক্ষতি ও বিশ্বাসঘাতকতার পর তার মধ্যে বড় পরিবর্তন আসে। একপর্যায়ে সে ভয়ংকর গ্যাংস্টারে পরিণত হয়।
খান ও কুরেশি পরিবারের দীর্ঘদিনের দ্বন্দ্বকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটি ধানবাদের অপরাধজগতের কঠোর বাস্তবতা তুলে ধরে। চিত্রনাট্য, অভিনয় ও নির্মাণশৈলীর কারণে এটি ব্যাপক সমালোচক প্রশংসা অর্জন করে। আর ফয়জল খান চরিত্রটি নওয়াজুদ্দিনকে দর্শক ও চলচ্চিত্র অঙ্গনে আরও শক্ত অবস্থান তৈরি করে দেয়।

বিনোদন ডেস্ক