হাসপাতালে ভর্তি ‘হাঙর নদী গ্রেনেড’-এর সেই রইছ, দোয়া চাইলেন মেয়ে
‘হাঙর নদী গ্রেনেড’ সিনেমায় ‘রইছ’ চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা বিজয় চৌধুরী। বর্তমানে অসুস্থ হয়ে রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
জানা গেছে, গত বৃহস্পতিবার মানিকগঞ্জের সিংগাইরে একটি পারিবারিক অনুষ্ঠান শেষে স্ত্রী সালমা চৌধুরীকে নিয়ে ঢাকায় ফিরছিলেন বিজয়। পথে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে দ্রুত তাকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা জানান, তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছেন।
শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। পরে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আইসিইউ থেকে সাধারণ বেডে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।
বাবার অসুস্থতার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন বিজয় চৌধুরীর মেয়ে ফিওনা চৌধুরী। বাবার ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আমার বাবা আবু আজাদ চৌধুরী (বিজয়) বর্তমানে অনেক অসুস্থ। তিনি এখন হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি আছেন এবং চিকিৎসাধীন। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন এবং সকল বিপদ-আপদ থেকে হেফাজত করেন।’
প্রসঙ্গত, কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে ১৯৯৭ সালে ‘হাঙর নদী গ্রেনেড’ নির্মাণ করেন চাষী নজরুল ইসলাম। সিনেমাটিতে শিশুশিল্পী হিসেবে ‘রইছ’ চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন বিজয় চৌধুরী। সেই চরিত্রই তাকে চলচ্চিত্রপ্রেমীদের কাছে বিশেষভাবে পরিচিত করে তোলে।

বিনোদন ডেস্ক