নিউইয়র্কে ফিরছে ঢালিউড অ্যাওয়ার্ড, থাকছেন শাকিবসহ তারকারা
বাংলাদেশের চলচ্চিত্র, নাটক, সংগীত ও সংস্কৃতি অঙ্গনের শিল্পীদের অংশগ্রহণে যুক্তরাষ্ট্রে আবারও বসতে যাচ্ছে ‘ঢালিউড অ্যাওয়ার্ড’। আগামী ১০ অক্টোবর নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঞ্জেল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ঢালিউড অ্যাওয়ার্ড-২০২৬’।
‘শো টাইম’-এর প্রেসিডেন্ট খায়রুল ইসলাম খোকন ও ভাইস প্রেসিডেন্ট চৌধুরী সাফওয়াত গণির সার্বিক তত্ত্বাবধান ও পৃষ্ঠপোষকতায় এবারের আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানের উপদেষ্টা হিসেবে রয়েছেন শাহিন কবির। এক মৌসুমের বিরতির পর আবারও আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের চলচ্চিত্র, নাটক, সংগীত ও সংস্কৃতি অঙ্গনে অবদান রাখা শিল্পীদের এবারের আসরে সম্মাননা দেওয়া হবে। তবে সম্মাননা পাওয়া শিল্পীদের নাম অনুষ্ঠানের দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আয়োজক খায়রুল ইসলাম খোকন।
এবারের আয়োজনে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় তারকাদের পাশাপাশি সংগীত ও সাংস্কৃতিক অঙ্গনের শিল্পীদেরও অংশগ্রহণ থাকছে। অংশ নেওয়ার কথা রয়েছে আফজাল হোসেন, মিশা সওদাগর, অমিত হাসান, নিরব হোসেন, ইমন, চঞ্চল চৌধুরী, তমা মির্জা, প্রার্থনা ফারদিন দীঘি, তানজিয়া জামান মিথিলা, স্পর্শিয়া, শিরিন শিলা, জলি ও সামিরা খান মাহিসহ আরও অনেকের। সংগীতাঙ্গন থেকে থাকছেন রিজিয়া পারভীন, এস আই টুটুল, বিন্দু কনাসহ আরও অনেকে।
সম্মাননা প্রদানের পাশাপাশি অনুষ্ঠানে থাকবে স্টেজ পারফরম্যান্স ও সংগীত পরিবেশনা।
এবারের আসরের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন অভিনেতা শাকিব খান। আয়োজকদের ভাষ্য, সম্মাননা গ্রহণের পাশাপাশি সম্মাননা প্রদান ও স্টেজ পারফরম্যান্সেও অংশ নেবেন তিনি। প্রায় পাঁচ বছর পর আবারও যুক্তরাষ্ট্রের এই আয়োজনে অংশ নিচ্ছেন শাকিব খান। এর আগে ২০২১ সালে জ্যামাইকায় অনুষ্ঠিত ১৯তম ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ অংশ নিয়েছিলেন তিনি।
আয়োজক খায়রুল ইসলাম খোকন বলেন, “বাংলাদেশের চলচ্চিত্র, সংগীত, নাটক ও সংস্কৃতির সঙ্গে যুক্ত শিল্পীদের সম্মান জানানো এবং প্রবাসের মাটিতে বাংলা সংস্কৃতির ঐতিহ্যকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এবারের আয়োজনে বাংলাদেশের সবচেয়ে বেশি তারকার অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। দর্শকদের জন্য আমরা একটি বৈচিত্র্যময় অনুষ্ঠান উপহার দিতে চাই।”
চৌধুরী সাফওয়াত গণি বলেন, “ঢালিউড অ্যাওয়ার্ড শুধু পুরস্কার প্রদান অনুষ্ঠান নয়, এটি দেশের শিল্প ও সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষদের সম্মান জানানোর একটি আয়োজন। বিরতির পর নতুন উদ্যমে আমরা আবারও অনুষ্ঠানটি আয়োজন করছি। কারা সম্মাননা পাচ্ছেন, তা অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। পাশাপাশি শিল্পীদের অংশগ্রহণে থাকবে বিশেষ পরিবেশনা।”

বিনোদন ডেস্ক