প্রবাস জীবনে কেমন আছেন মোনালিসা? জানালেন নিজেই
এক সময় ছোটপর্দা ও মডেলিংয়ে বেশ ব্যস্ত সময় পার করেছেন অভিনেত্রী ও মডেল মোজেজা আশরাফ মোনালিসা। তবে কয়েক বছর ধরে দেশের শোবিজ অঙ্গন থেকে অনেকটাই দূরে রয়েছেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রেই স্থায়ীভাবে বসবাস করছেন এই অভিনেত্রী।
গতকাল সোমবার (৫ অক্টোবর) ছিল মোনালিসার জন্মদিন। বিশেষ দিনটিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি ছবি প্রকাশ করে নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সেই সঙ্গে জীবনের নানা চড়াই-উতরাই, পাওয়া-না পাওয়ার গল্প তুলে ধরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
মোনালিসা লিখেছেন, জীবনের আরও একটি বছর পূর্ণ হওয়ার আনন্দ উদযাপন করছি। বছরটি নানা চ্যালেঞ্জ, শিক্ষা, উন্নতি ও আনন্দে ভরা ছিল। জীবনের প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ জানিয়ে অভিনেত্রী বলেন, এসব অভিজ্ঞতাই তাকে আজকের মানুষ হিসেবে গড়ে তুলেছে।’
জীবনের উত্থান-পতনের কথাও উঠে এসেছে তার পোস্টে। মোনালিসার ভাষায়, ‘জীবনে নানা প্রতিকূলতার মধ্যেও কৃতজ্ঞ হওয়ার অসংখ্য অসংখ্য কারণ খুঁজে পাই। মহান আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। কারণ জীবনে আরও একটি বছর, সুস্বাস্থ্য, শক্তি ও প্রতিকূলতা মোকাবিলার মানসিক দৃঢ়তা দান করেছেন তিনি।’
জন্মদিনে নিজের জন্য বিশেষ সৃষ্টিকর্তার কাছে প্রার্থনাও করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আল্লাহ যেন আমাকে দীর্ঘ ও সুস্থ জীবন দান করেন, প্রতিটি দিন কৃতজ্ঞতার সঙ্গে উপভোগ করার তাওফিক দেন। আশীর্বাদ, সুন্দর মুহূর্ত ও নতুন নতুন অর্জনে ভরে উঠুক জীবনের আরও একটি বছর।’
একসময় ক্যারিয়ারের সাফল্যের মধ্যগগনে থাকতেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন মোনালিসা। ২০১২ সালে নিউইয়র্কপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করেন তিনি। পরের বছর স্বামীর সঙ্গে নিউইয়র্কে পাড়ি জমান। সেখানে বসবাসের পাশাপাশি যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা চ্যানেল টাইম টিভির প্রোগ্রাম প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন।
তবে বেশিদিন টেকেনি তাদের দাম্পত্য। বিয়ের এক বছরের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটেন তারা। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন করে আর সংসার পাতেননি মোনালিসা।
বর্তমানে যুক্তরাষ্ট্রেই নিজের মতো করে জীবন কাটাচ্ছেন এই অভিনেত্রী। অভিনয় থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। সেখানে নিয়মিত নিজের বিভিন্ন মুহূর্তের ছবি ও জীবনের নানা ভাবনা অনুসারীদের সঙ্গে ভাগ করে নেন মোনালিসা।

বিনোদন ডেস্ক