ডায়াবেটিস রোগীরা যে ৭ প্রশ্ন করবেন
বিশ্ব ডায়াবেটিস দিবস আজ। সারা বিশ্বে ডায়াবেটিস যেন মহামারি আকার ধারণ করছে। এ থেকে রক্ষা পেতে খাবারের নিয়ন্ত্রণ ও ব্যায়াম বা কায়িকশ্রম করা প্রয়োজন।
চিকিৎসকের কাছে গেলে অনেক সময়ই রোগীরা বোঝেন না কী প্রশ্ন করবেন। আর রোগ ও চিকিৎসা সম্পর্কে ভালোভাবে না বুঝে বাড়িয়ে ফেলেন রক্তের সুগারের মাত্রা।
চিকিৎসকের কাছে গেলে ডায়াবেটিস রোগীরা কী প্রশ্ন করবেন- এ নিয়ে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে একটি প্রতিবেদন।
১. কতদিন পরপর রক্তের সুগারের মাত্রা পরিমাপ করব?
ডায়াবেটিস থাকলে প্রায়ই রক্তের সুগারের মাত্রা পরীক্ষা করা ভালো। তাই চিকিৎসকের কাছে অবশ্যই জিজ্ঞেস করুন রক্তের সুগারের মাত্রা কতদিন পর পর পরীক্ষা করবেন।
২. কখন কখন ওষুধ খাব?
কোনো ওষুধই চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে খাওয়া ঠিক নয়। তাই চিকিৎসক যে ওষুধ দেবেন সেটি খাওয়ার নিয়ম ও সময় অবশ্যই ভালোভাবে জেনে নিন।
৩. কম দামে কোনো ওষুধ আছে কি?
অনেক সময় বেশ ভালো ওষুধও কম দামে পাওয়া যায়। তাই চিকিৎসকের কাছে জেনে নিন তাঁর চিকিৎসাপত্রে লেখা ওষুধগুলোর দাম কেমন হবে এবং এর চেয়ে কম দামে কোনো ওষুধ আছে কি না।
৪. ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া কী হতে পারে?
ডায়াবেটিসের ওষুধ খাওয়ার পর কী ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে সে সম্পর্কে চিকিৎসকের কাছে জেনে নিন। তাহলে অন্তত মানসিকভাবে প্রস্তুত থাকতে পারবেন।
৫. কী ধরনের ডায়েট অনুসরণ করবেন, জিজ্ঞেস করুন?
ডায়াবেটিস সারাজীবনই থাকে। তাই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যকর খাবার খাওয়া খুব জরুরি। চিকিৎসকে জিজ্ঞেস করুন কী ধরনের খাবার খাবেন।
৬. কোন ধরনের খাবার এড়িয়ে যাবেন জিজ্ঞেস করুন?
কিছু খাবার রক্তের সুগার বাড়িয়ে দেয়। চিকিৎসকের কাছে জেনে নিন কোন খাবারগুলো এড়িয়ে যাবেন।
৭. ওষুধের ডোজ কি কমানো যাবে?
যদি দেখেন ধীরে ধীরে উন্নতি হচ্ছে আপনার, রক্তের সুগারের মাত্রা কমছে, তাহলে চিকিৎসককে জিজ্ঞেস করুন ডোজ কমানো যাবে কি না।

শাশ্বতী মাথিন