ডেঙ্গু আক্রান্ত আরও ৬৯ জন হাসপাতালে
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ জন। তবে এই সময়ে কেউ মারা যাননি।
আজ রোববার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৪ জন, দক্ষিণ সিটি করপোরেশনে পাঁচজন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) চারজন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) নয়জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন রয়েছেন।
এই সময়ে ১৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৮৬ জন।
চলতি বছরের এ পর্যন্ত (২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৬১ জন। এর মধ্যে ৫৯ শতাংশ পুরুষ ও ৪১ শতাংশ নারী।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।
২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)