থাইরয়েড ক্যানসার নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ গবেষকদের
থাইরয়েড ক্যানসার নিয়ে আতঙ্কিত না হয়ে রোগের প্রকৃতি ও আচরণ বুঝে সময়মতো চিকিৎসা নিলে অধিকাংশ ক্ষেত্রেই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে বলে জানিয়েছেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) গবেষক দল। আজ সোমবার (১৯ জানুয়ারি) ‘থাইরয়েড নোডুল অ্যান্ড ক্যানসার: আপডেট অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য জানানো হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএমইউর অটোল্যারিংগোলজি হেড অ্যান্ড নেক সার্জারি বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. কে এম এম আব্দুস সাত্তার। তিনি তাঁর ‘প্যারাডিজম শিফট ইন দ্য সার্জিক্যাল ম্যানেজমেন্ট অব থাইরয়েড ক্যানসার’ প্রবন্ধে আধুনিক চিকিৎসা পদ্ধতির নানা দিক তুলে ধরেন।
বিশ্বব্যাপী গত তিন দশকে থাইরয়েড ক্যানসারের প্রকোপ বাড়ছে, যার প্রভাব বাংলাদেশেও দৃশ্যমান। গবেষণায় দেখা গেছে, অনেক ক্ষেত্রে থাইরয়েড ক্যানসারের শুধু আক্রান্ত অংশের অপারেশন (হেমিথাইরয়ডেক্টমি) করলেই রোগী দীর্ঘদিন ভালো থাকে।
বেশ কিছু থাইরয়েড ক্যানসার দীর্ঘদিন স্থিতাবস্থায় থাকে এবং কোনো ঝুঁকি তৈরি করে না। চিকিৎসকরা রোগের ধরন বুঝে চিকিৎসা দিলে রোগীর ঝুঁকি ও খরচ—উভয়ই কমে আসে। বর্তমানে জটিল থাইরয়েড ক্যানসারের জন্যও দেশে উন্নত ও বহুমুখী চিকিৎসা সুবিধা তৈরি হয়েছে।
সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ এবং প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।
অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার তার বক্তব্যে থাইরয়েড ক্যানসার নিয়ে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি গবেষণার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে নিনমাস-এর পরিচালক ও থাইরয়েড ডিভিশন প্রধান অধ্যাপক ডা. এ কে এম ফজলুল বারী ‘দ্য থাইরয়েড মিস্ট্রি : ফাইন্ডিংস অ্যান্ড ফিক্সিং নোডুলস’ শীর্ষক আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন।
সেন্ট্রাল সেমিনার সাব-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেসার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. খালেদ মাহবুব মুর্শেদ মামুন।

নিজস্ব প্রতিবেদক