মেন্ডি ডেন্টাল কলেজের চেয়ারম্যান হলেন বিএমইউর প্রক্টর ডা. ফরহাদ
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) প্রক্টর অধ্যাপক ডা. শেখ ফরহাদ পশ্চিম ধানমন্ডির মেন্ডি ডেন্টাল কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মনোনীত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) এ কে এম আমজাদ হোসেন স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠি থেকে এ তথ্য জানা যায়।
এই গভর্নিং বডির মেয়াদ হবে প্রথম সভা থেকে তিন বছর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই মনোনয়ন দান করেছেন। অধ্যাপক ডা. শেখ ফরহাদ বিএমইউ এর অর্থোপেডিক সার্জারি বিভাগের শিক্ষক ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন।
এ ছাড়া মেন্ডি ডেন্টাল কলেজের শিক্ষানুরাগী সদস্য মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. মো. সেলিম রেজা, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাফী মো. মোস্তফা। একাডেমিক পরিষদের প্রতিনিধি সদস্য হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জুলফিকার হাসান খান এবং স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. নাসরিত সুলতানা।
অর্থোপেডিক সার্জারি বিশেষজ্ঞ ডা. শেখ ফরহাদ ২০০০ হাজার সালে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি ২০১০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এমএস (অর্থোপেডিক সার্জারি) এবং ২০২২ সালে যুক্তরাষ্ট্র থেকে এফএসিএস ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭২ সালে ৭ মে জন্মগ্রহণ করেন। তাঁর গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ জেলা শ্রীনগর উপজেলার হাসারা গ্রামে। বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ও মরহুমা ফিরোজা বেগমের ছেলে ডা. শেখ ফরহাদ এক কন্যাসন্তানের পিতা।

নিজস্ব প্রতিবেদক